তল্লাশির বাড়াবাড়ি, অসুস্থ বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আজ রোববার তল্লাশির নামে বাড়াবাড়ি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মোড়ে মোড়ে তল্লাশির নামে সময়ক্ষেপণের কারণে সাভারের কাউন্দিয়া থেকে চিকিত্সার জন্য ঢাকায় আসার পথে মাবিয়া বেগম নামের এক অসুস্থ বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে তাঁর ছেলে অভিযোগ করেছেন।

বৃদ্ধার ছেলে মোহাম্মদ আলী অভিযোগ করেন, গতকাল শনিবার রাতে তাঁর মা হঠাত্ করে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তাঁকে ঢাকায় নেওয়ার জন্য কোনো যানবাহন পাওয়া যাচ্ছিল না। আজ সকালে একটি রিকশাভ্যানে করে অসুস্থ মাকে নিয়ে তিনি ঢাকায় রওনা হন। কিন্তু ঢাকা জেলা পুলিশ একটু পরপরই রিকশাভ্যানটি আটকে তল্লাশি চালায়। এতে সময়ক্ষেপণ হয়। এরপর গাবতলী বাস টার্মিনালে আসার পর মাজার রোড ও কল্যাণপুরে লাঠিসোঁটা হাতে পাহারায় থাকা যুবকেরা দুই দফা তাঁদের রিকশাভ্যানটিকে আটকায়। একপর্যায়ে তাঁকেসহ অন্যদের নামিয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। তাঁর মাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

কান্নাজড়িত কণ্ঠে মোহাম্মদ আলী বলেন, পথে পথে এমন বাধা আর তল্লাশির কারণে সময় বেশি লাগায় তাঁর মায়ের মৃত্যু হয়েছে। সময়মতো হাসপাতালে নেওয়া গেলে তাঁর মাকে হয়তো বাঁচানো যেত।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হোসেন প্রথম আলোকে বলেন, তল্লাশি করতে গিয়ে হয়তো কিছু ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। এটা যাতে না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।