তসলিমা নাসরিনের স্থায়ী ভারতবাস অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তসলিমা নাসরিন
তসলিমা নাসরিন

বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের পাকাপাকিভাবে ভারতবাস অনিশ্চিত হয়ে পড়ল। এক মাস আগে ‘রেসিডেন্ট পারমিট’-এর মেয়াদ বৃদ্ধির জন্য তসলিমা যে আবেদন জানিয়েছিলেন, গতকাল বৃহস্পতিবার তার বদলে তাঁকে দুই মাসের ভিসা মঞ্জুর করা হয়েছে।
তসলিমা নিজেই এই খবর জানিয়ে প্রথমে টুইট করেন। পরে প্রথম আলোকে বলেন, ‘আমি কল্পনাও করতে পারছি না, আমার রেসিডেন্ট পারমিট বাতিল করা হলো। আমাকে কলকাতা থেকে তাড়ানোর বিরুদ্ধে স্বয়ং নরেন্দ্র মোদিই সরব হয়েছিলেন। ভোটের সময়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনাও করেছিলেন। অথচ তাঁর সরকার এই সিদ্ধান্ত নিল!’
হতাশ তসলিমা বলেন, ‘এই বয়সে আমি কোথায় যাব, কী করব বুঝতে পারছি না।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র অবশ্য রাতে প্রথম আলোকে জানায়, তসলিমার পারমিট খারিজ করা হয়নি। তাঁর আবেদন বিবেচনাধীন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে দুই মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে বিতাড়িত এই আলোচিত লেখিকা ২০০৪ সাল পর্যন্ত পর্যটক ভিসা নিয়ে ভারতে থাকতেন। ২০০৪ সাল থেকে তাঁকে রেসিডেন্ট পারমিট দেওয়া শুরু হয়। ২০০৭ সালে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার তাঁকে কলকাতা থেকে তাড়িয়ে দেয়। সেই থেকে ভারত সরকারের তত্ত্বাবধানে ‘গৃহবন্দী’ তিনি। কিন্তু তা সত্ত্বেও তাঁর ভারতে থাকার পারমিটের মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর করে দেওয়া হয়। ২০১১ সাল থেকে তিনি ‘পাকাপাকিভাবে’ দিল্লির বাসিন্দা। গত মাসের ২৬ তারিখে পারমিটের মেয়াদ বাড়ানোর আবেদন জানান। এক মাস কেটে যাওয়ার পর বৃহস্পতিবার তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, তাঁকে মাত্র দুই মাসের ভিসা মঞ্জুর করা হয়েছে। এই সময়ের মধ্যে তিনি একাধিকবার ভারতে ঢুকতে-বেরোতে পারবেন।
বিস্মিত ও ব্যথিত তসলিমা নাসরিন প্রথম আলোকে বলেন, ‘রেসিডেন্ট পারমিটের মেয়াদ সাধারণত বাড়ে। আমার ক্ষেত্রেও বাড়ানো হয়েছে। আমি ভেবেছিলাম, এবার অন্তত পাঁচ কি দশ বছরের পারমিট পাব। তার বদলে এখন আমাকে তল্পিতল্পা গুটিয়ে ভারত ছাড়তে বলা হচ্ছে! কী করব জানি না।’ আগস্ট মাসের ৭ তারিখে তসলিমার অক্সফোর্ডে বক্তৃতা দিতে যাওয়ার কথা। ১১ তারিখে সুইডেনে।
তসলিমা বলেন, ‘সুইডেনে আমার অনেক বই রয়েছে। সেগুলো দিল্লি নিয়ে আসার কথা। ২৪ তারিখে দিল্লি ফেরার টিকিট কাটা রয়েছে। এখন তো বুঝতে পারছি না কী হবে। কেনই বা আমাকে তাড়ানো হচ্ছে, তা-ও বুঝতে পারছি না।’