তসলিমাকে আশ্বস্ত করলেন রাজনাথ সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখিকা তসলিমা নাসরিন
লেখিকা তসলিমা নাসরিন

আলোচিত লেখিকা তসলিমা নাসরিন দীর্ঘস্থায়ীভাবে ভারতে থাকার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেছেন। দীর্ঘ মেয়াদে ভারতে থাকার বিষয়ে রাজনাথ সিংও আশ্বস্ত করলেন তসলিমাকে। গতকাল শনিবার সকালে ওই সাক্ষাতের পর তসলিমা প্রথম আলোকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে আমি নিশ্চিন্ত বোধ করছি। উনি বলেছেন, আমার প্রতি তাঁরা সহানুভূতিশীল।’
দুই দিন আগে এক বছরের রেসিডেন্ট পারমিট না দিয়ে তসলিমার ভারতে থাকার মেয়াদ মাত্র দুই মাসের জন্য বাড়ানো হয়। এতে উদ্বিগ্ন তসলিমা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে বলেন, এত বছর এ দেশে থাকার পর তাঁকে যাতে বিতাড়িত হতে না হয় তা যেন তিনি দেখেন। রাজনাথ সিংকে তিনি বলেন, ‘আপনার মারফত আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অনুরোধ জানাচ্ছি বিষয়টিতে হস্তক্ষেপ করতে।’ পশ্চিমবঙ্গ থেকে তাঁকে বিতাড়নের সময় যাঁরা বিরোধিতা করেছিলেন, নরেন্দ্র মোদি ছিলেন তাঁদের অন্যতম।
রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তসলিমা নিজের লেখা তিনটি বই নিয়ে যান। সেইসব অন্ধকার, বন্দিনী ও লজ্জা। তিনটি বইয়ের হিন্দি অনুবাদ তিনি রাজনাথের হাতে তুলে দেন। সেইসব অন্ধকার-এর অনুবাদ উও অন্ধেরে দিন-এর পাতা ওল্টাতে ওল্টাতে তসলিমাকে রাজনাথ বলেন, ‘আপনার আঁধার কেটে যাবে।’ এই মন্তব্যে আশ্বস্ত তসলিমা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, সেই আশাতেই তাঁর সঙ্গে দেখা করতে আসা।
প্রথম আলোকে তসলিমা বলেন, ‘রাজনাথ সিংকে আমি বললাম, ১০ বছর ধরে ভারতে রয়েছি। দিল্লিতেও এতগুলো বছর হয়ে গেল। আমার কারণে কোথাও অশান্তি হয়নি। এই বয়সে আমি দিল্লিতে থিতু হতে চাইছি। সে জন্য সুইডেনের বন্ধুর বাড়িতে রাখা ১৫ হাজার বই নিয়ে আসার বন্দোবস্ত করেছি। আমি তো ভেবেছিলাম এবার অন্তত আমাকে পাঁচ-দশ বছরের রেসিডেন্ট পারমিট দেওয়া হবে। তার বদলে অনিশ্চয়তার মুখোমুখি ঠেলে দেওয়া হলো।’
তসলিমা জানান, জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে বলেন, ইউপিএ সরকারের তৈরি ফাইলে কিছু অভিযোগ রয়েছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে তাঁর প্রতি সরকার সহানুভূতিশীল। তাঁকে পাকাপাকিভাবে থাকতে দিতে সরকার আগ্রহী। তসলিমা বলেন, ‘রাজনাথজি আমাকে বললেন, আপনি কত বছরের পারমিট চান? আমরা ৫০ বছরের জন্য দেব। শুনে আমি বললাম, অত বছর তো বাঁচব না। সুইডেনে থাকা বইগুলো আনব কি না, জানতে চাইলে রাজনাথজি বললেন, অবশ্যই আনবেন। ওঁর কথা শুনে আমি এখন খুবই নিশ্চিন্ত বোধ করছি।’
মাত্র দুই মাসের জন্য তসলিমাকে ভারতে থাকার অনুমতি দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান মার্কন্ডেয় কাটজু। গত শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘তসলিমাকে পাকাপাকিভাবে ভারতে থাকার অনুমতি দেওয়া প্রয়োজন। তসলিমার লেখা লজ্জা আমি পড়েছি। বাবরি মসজিদ ধ্বংসের পর বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের কাহিনি তাতে লিপিবদ্ধ।’ কলকাতার বিভিন্ন মসজিদের ইমামরা আবার তসলিমাকে ভারতে থাকতে না দেওয়ার দাবি নতুন করে তুলেছেন। তাঁদের বক্তব্য, তসলিমার কারণে এ দেশের শান্তি নষ্ট হতে দেওয়া ঠিক নয়।