তসলিমার ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেবে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তসলিমা নাসরিনকে বসবাসের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ভিসা দেওয়ার ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেবে ভারত সরকার। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল রোববার এনডিটিভি এ তথ্য জানায়।
এর মাত্র এক দিন আগে আলোচিত লেখিকা তসলিমা নাসরিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছিলেন, ভারত সরকার তাঁর দীর্ঘস্থায়ী ভিসা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। পরে তিনি এনডিটিভিকে জানান, দীর্ঘ মেয়াদে থাকতে দেওয়ার জন্য তিনি আনন্দিত এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞ।
এর আগে গত বুধবার তসলিমাকে এক বছরের রেসিডেন্ট পারমিট না দিয়ে ভিসার মেয়াদ দুই মাসের জন্য বাড়ানো হয়। এর পরই গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তসলিমা। ৫২ বছর বয়সী এই লেখিকা ১৯৯৪ সাল থেকে ভারতে অবস্থান করছেন।