তহবিল না পাওয়ায় আইএলও উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিলবার্ট ফসুন হাংবো
গিলবার্ট ফসুন হাংবো

রানা প্লাজা ধসের পর তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশের উন্নয়ন ও শ্রমিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি হয়েছে। কারখানার পরিবেশের খোলনলচে পাল্টানোর স্বার্থে এ প্রক্রিয়া ত্বরান্বিত হওয়াটা জরুরি। কারণ, কাজের পরিবেশের নিরাপত্তা ও শ্রমিকদের ন্যূনতম অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ের সুরাহা এখনো হয়নি।
গত মঙ্গলবার প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উপমহাপরিচালক গিলবার্ট ফসুন হাংবো।
রানা প্লাজা ধসের দুই সপ্তাহের মাথায় আইএলওর মধ্যস্থতায় সরকার, মালিক ও শ্রমিকপক্ষ ২০১৩ সালের ৪ মে ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনা সই করে। ওই কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ কতটা এগিয়েছে, সে সম্পর্কে মূল্যায়ন করেন গিলবার্ট হাংবো। পাশাপাশি পোশাকশিল্পের ইতিহাসের সবচেয়ে বিয়োগান্তক দুর্ঘটনার পর ক্ষতিপূরণের ব্যাপারে বিশ্ব সম্প্রদায়ের অঙ্গীকার পূরণের ব্যর্থতার সমালোচনা করেন তিনি।
ত্রিপক্ষীয় চুক্তি সইয়ের এক বছর পরের পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়ে আইএলওর উপমহাপরিচালক জানান, এ পর্যন্ত যে অগ্রগতি হয়েছে, তার জন্য সরকার, মালিকপক্ষ, শ্রমিক নেতারাসহ সংশ্লিষ্ট সবার ভূমিকা রয়েছে। বিশেষ করে শ্রম আইন সংশোধন, লক্ষ্যমাত্রার (২০০ জন) তুলনায় কম হলেও নতুন কারখানা পরিদর্শক নিয়োগ, কারখানা পরিদর্শনসহ সব মিলিয়ে অগ্রগতি হয়েছে। পাশাপাশি এটাও ঠিক, যে অগ্রগতি হয়েছে, তাতে আত্মতুষ্টির

কোনো কারণ নেই। অনেকগুলো বিষয়ের সমাধান এখনো হয়নি। তবে যে অগ্রগতি হয়েছে, সেটা ধরে রেখে এগোতে হবে।
এক বছর আগে যে সময়সীমা ধরে পরিবর্তন আনার কথা বলা হয়েছিল, সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে গিলবার্ট হাংবো বলেন, ‘এটা তো আপনাকে মানতেই হবে যে আপনি দ্রুত পরিদর্শক নিয়োগের কাজটি শেষ করতে চাইছেন। আবার নিয়োগ-প্রক্রিয়ায় স্বচ্ছতাও চান। দুটি বিষয়ের মধ্যে ভারসাম্য আনাটা জরুরি। তবে এটা ঠিক যে প্রক্রিয়াটি দ্রুত ত্বরান্বিত করা উচিত। এ ব্যাপারে যে আমাদের উদ্বেগ রয়েছে, সেটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই।
গিলবার্ট ফসুন হাংবো বলেন, ‘দেরি হয়েছে এটা ঠিক। তাই বলে এ বিষয়টিকে এতটা নেতিবাচকভাবে দেখা সমীচীন হবে না। তা ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির কারণেও দেরি হওয়ার বিষয়টিকে ভুলে গেলে চলবে না।’
আইএলওর জ্যেষ্ঠ এই কর্মকর্তা মনে করেন, এক বছর আগে ঠিক করা হয়েছিল ডিসেম্বরের মধ্যে ২০০ জন কারখানা পরিদর্শক নিয়োগ শেষ হবে। এ পর্যন্ত এক-তৃতীয়াংশ নিয়োগ শেষ হয়েছে। যেকোনো কাজই শুরু করতে বেশি সময় লাগে।
আইএলওর উপমহাপরিচালকের মতে, রানা প্লাজা ধসের পর যে কর্মপরিবেশের উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগানোর জন্য বাংলাদেশকেই কর্মসূচি ঠিক করে এগোতে হবে।
রানা প্লাজা ধসের পর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনে বৈশ্বিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের প্রতিশ্রুত অর্থের পুরোটা (৪০ মিলিয়ন ডলার) জোগাড় না হওয়ার হতাশা লুকাননি আইএলওর জ্যেষ্ঠ এই কর্মকর্তা। গিলবার্ট হাংবো বলেন, ‘এ নিয়ে আইএলও যথেষ্ট উদ্বিগ্ন। বিষয়টি বৈশ্বিক দায়িত্বশীলতার দৃষ্টিকোণ থেকে বিবেচনার জন্য ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের বারবার বলছি। এক বছর পেরোলে ক্ষতিপূরণ ট্রাস্ট ফান্ডের মাত্র প্রায় এক-তৃতীয়াংশ (১৫ মিলিয়ন ডলার) আমরা জোগাড় করতে পেরেছি। তিন হাজার ৬০০ মানুষের জন্য ৪০ মিলিয়ন ডলার খরচ করাটা যে বিলাসিতা নয়, সেটা বারবার বলছি।’
সাক্ষাৎকার: রাহীদ এজাজ