তহবিল নেই, তাই দেরিতে সড়ক মেরামত শুরু
বর্ষা মৌসুমের শেষ দিকে এসে ঢাকঢোল পিটিয়ে নগরের ভাঙাচোরা সড়কের মেরামতকাজ শুরু করেছে সিটি করপোরেশন। তবে প্রয়োজনীয় বাজেটের অভাবে ঠিকমতো সংস্কারকাজ শেষ হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের জন্য সরকারের কাছে ৫০ কোটি টাকা চেয়ে পাঠিয়েছিল নগর কর্তৃপক্ষ। কিন্তু টাকা পাওয়া যায়নি। ফলে দুই মাস পর নিজস্ব অর্থায়নে এ কাজ করছে সিটি করপোরেশন। মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘এ বছরের অতিবর্ষণে নগরের অনেক সড়ক নষ্ট হয়েছে। অনেকগুলো ফেটেও গেছে। তাই এসব সড়ক মেরামত ও সংস্কার করতে আমরা সরকারের কাছে থোক বরাদ্দ হিসেবে ৫০ কোটি টাকা চেয়েছিলাম। সেটা না পেয়ে এখন রাজস্ব তহবিল থেকে নিজস্ব জনবল দিয়ে সংস্কারকাজ শুরু করেছি। আগামী শীত মৌসুমে অনেকগুলো বড় সড়ক নতুন করে কার্পেটিং করতে হবে। এ জন্য আমরা সরকারের সহযোগিতা চেয়েছি।’সিটি করপোরেশন সূত্র জানায়, চট্টগ্রাম শহরে কার্পেটিং করা সড়কের দৈর্ঘ্য প্রায় ৬০০ কিলোমিটার। এর মধ্যে চারটি প্রকল্পের আওতায় অন্তত ২০ কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। অবশিষ্ট সড়ক সংস্কার ও মেরামতের দায়িত্ব সিটি করপোরেশনের। এ বছর আগেভাগেই বর্ষা শুরু এবং অতিবর্ষণের কারণে নগরের বেশির ভাগ সড়কই খানাখন্দে ভরে গেছে। এতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। এ অবস্থায় সরকারের কাছ থেকে বাড়তি টাকা পাওয়ার আশায় গত দুই মাস কেটেছে সিটি করপোরেশনের। কিন্তু শেষ পর্যন্ত রাজস্ব শাখার অর্থায়নেই নগরের সড়কগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়। অথচ এত দীর্ঘ সড়ক মেরামতের জন্য সিটি করপোরেশনের বাড়তি কোনো বাজেট নেই।গতকাল সোমবার নগরের চকবাজার এলাকায় সিরাজদ্দৌলা সড়ক থেকে মেরামতকাজ শুরু করে সিটি করপোরেশন। তবে দিন শেষে সিরাজদ্দৌলা সড়কটিরই মেরামতকাজ শেষ করতে পারেনি নগর কর্তৃপক্ষ। প্রায় চার বছর আগে চউকের সম্প্রসারণ করা এই সড়কটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সড়কটির বেশির ভাগ অংশেই কার্পেটিং উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।সিটি করপোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মঞ্জুরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের উচিত, তহবিল থাকলে উন্নয়নকাজ করা। কারণ, অনেক ঠিকাদার কাজ শেষ করেও টাকার জন্য বছরের পর বছর ধরনা দিচ্ছেন। সিটি করপোরেশন বছরে ৩০ শতাংশ করে দুবার টাকা দেয়। অথচ সরকারের গণখাতে ক্রয়বিধি অনুযায়ী কোনো উন্নয়নকাজের কার্যাদেশ দেওয়ার ২৮ দিনের মধ্যেই ঠিকাদারকে নির্দিষ্ট হারে টাকা পরিশোধের বিধান রয়েছে। কিন্তু সিটি করপোরেশনের বেশির ভাগ ঠিকাদারের টাকা করপোরেশনে বকেয়া পড়ে আছে।