তহবিল পেতে দলীয় সুপারিশ
অনুমোদন পেয়েছে—এমন ১০টি এনজিওর নির্বাহী পরিচালক, সভাপতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। তাঁদের তহবিল দেওয়ার জন্য দলের শীর্ষস্থানীয় নেতা ও স্থানীয় সাংসদেরা সুপারিশ করেছেন।সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার এনজিও তিস্তা বহুমুখী সমাজকল্যাণ সংস্থাকে সামাজিক বনায়ন কর্মসূচি প্রকল্পের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সংস্থাটির সভাপতি জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।জয়পুরহাটের ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল (এনডিসি) মূলত মানবাধিকার, চিকিৎসাপ্রযুক্তি (ম্যাটস), ক্ষুদ্রঋণ প্রকল্প প্রভৃতি বিষয়ে অভিজ্ঞ। সামাজিক বনায়নের জন্য তাদের ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক দেওয়ান মো. কামরুজ্জামানের বড় ভাই দেওয়ান মো. আজিজুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। এর আগে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেননি স্বীকার করে দেওয়ান কামরুজ্জামান বলেন, ‘বিষয়টাই তো আমাদের দেশে নতুন। এখন আমরা কাজ শুরু করেছি, এটাই কি যথেষ্ট না?’টাঙ্গাইলের মির্জাপুরের এনজিও উদয় গাছ লাগানোর জন্য ৩০ লাখ টাকার অনুমোদন পেয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক দে সুধীর চন্দ্র প্রথম আলোকে বলেন, তাঁরা মূলত ক্ষুদ্রঋণ ও বিভিন্ন সেবা খাতের সচেতনতামূলক কাজের সঙ্গে জড়িত। এবারই প্রথম তাঁরা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে যাচ্ছেন। সরকারি দলের সাংসদ একাব্বর হোসেন এ ক্ষেত্রে তাঁকে সহযোগিতা করেন বলে জানান তিনি।নোয়াখালীর সুবর্ণচরের এনজিও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থাকে উপকূলীয় জেলেদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষম করার জন্য ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে। সংস্থাটির পরিচালক সাইফুল ইসলাম সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের আগের কমিটির সাংগঠনিক সম্পাদক। ভোলার এনজিও পরিবার উন্নয়ন সংস্থাকে গাছ লাগানোর জন্য ১৫ লাখ টাকা দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান ভোলার চরফ্যাশন থেকে নির্বাচিত সাংসদ আবদুল্লাহ-আল-ইসলামের মা রহিমা ইসলাম। তিনি বলেন, তাঁরা ক্ষুদ্রঋণ নিয়ে কাজ করেন। জলবায়ুবিষয়ক প্রকল্পের অনুমোদন পেতে সাংসদ ছেলে তাঁকে সহযোগিতা করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সংগঠন অনেক পুরোনো। কাজেরও সুনাম আছে। তাই তহবিল পেয়েছি।’খুলনার সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট ফর পুওর (সিডোপ) নামের একটি এনজিওকে বৃষ্টির পানি সংরক্ষণ অবকাঠামো তৈরির জন্য ২০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০০৮ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত সিডোপের নির্বাহী পরিচালক প্রশান্ত কুমার বিশ্বাস খুলনায় ঠিকাদারির কাজও করেন। তাঁর এনজিও অবকাঠামোভিত্তিক যে প্রকল্পগুলো পায়, সেগুলো তিনি নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করেন। তিনি জানান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান তাঁর প্রকল্পের জন্য সুপারিশ করেছিলেন।খুলনার রুরাল আনফরচুনেটস সেফটি টালিসমান ইলুমিনেশন কটেজ (রাস্টিক) নামের এনজিওকে নগর আবর্জনা পুনর্ব্যবহার ও শক্তি উৎপাদন প্রকল্পের জন্য ২৫ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ মোড়ল বাগেরহাট-২ আসনে বিএনপির সাংসদ এ এইচ এম সেলিমের বাবার নামে গড়ে তোলা সংগঠন আলহাজ বেলায়েত হোসেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। স্বাধীনতার পর একটি বাম সংগঠনের খুলনা বিভাগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা অবস্থায় তিনি ১৯৭৪ সালে দেশদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হন ও চার বছর জেল খাটেন। নূর মোহাম্মদ বলেন, ‘বর্তমানে আমি প্রশিকার কাজী ফারুকের রাজনৈতিক মতে বিশ্বাসী। আমার প্রকল্পটি বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলালউদ্দিনের নির্বাচনী এলাকায় হওয়ায় তিনিও সুপারিশ করেছিলেন।’অনভিজ্ঞরাও টাকা পাচ্ছে: গ্রাসরুটস হেলথ অ্যান্ড রুরাল অর্গানাইজেশন ফর নিউট্রিশন ইনিশিয়েটিভকে (ঘরনি) পানি ও পয়োনিষ্কাশনের জন্য ২০ লাখ টাকা দেওয়া হবে। ২০০২-০৩ অর্থবছরে শুরু হওয়া গ্রামীণ পর্যায়ে ৪৬টি বিদ্যালয় নির্মাণের সরকারি প্রকল্পের মধ্যে এক কোটি টাকায় ২০টি বিদ্যালয় নির্মাণের কাজ পেয়েছিল সংস্থাটি। ওই বিদ্যালয় নির্মাণ নিয়ে তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। ২০১১ সালের ১০ আগস্ট বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরীক্ষণ ইউনিটের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোখলেছুর রহমান এনজিও ব্যুরোর মহাপরিচালককে চিঠি দেন। ওই চিঠিতে বিদ্যালয় নির্মাণের কথা বলে চুক্তিভঙ্গের জন্য ঘরনিসহ ৪৬টি এনজিওকে কালো তালিকাভুক্ত করতে বলা হয়।সংস্থাটির নির্বাহী পরিচালক রওশন আরা বলেন, ‘আমাদের বিরুদ্ধে স্কুল নির্মাণ ও এইচআইভি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের যেসব অভিযোগ আনা হয়েছিল, সেগুলো পরে সঠিক প্রমাণিত হয়নি।’আপন ফাউন্ডেশনকে গাছ লাগানোর জন্য ৪০ লাখ টাকার প্রকল্প দেওয়া হয়েছে। এর নির্বাহী পরিচালক নুরুল ইসলাম বেশির ভাগ সময় বাইরে থাকেন। তিনি জানান, মূলত বন্ধন প্রপার্টি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক তিনি। এখন জলবায়ু তহবিলের টাকা দিয়ে তিনি সংস্থাটিকে চাঙা করতে চান।বরিশালের সংস্থা রুরাল ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রিডো) বরিশাল সিটি করপোরেশনের সঙ্গে কিছু সরকারি প্রকল্পের কাজ ছাড়া আর কোনো কাজ করেনি। তাদের জলবায়ুবিষয়ক প্রকল্প চিরসবুজ বাংলাদেশকে ২০ লাখ টাকা দেওয়া হয়েছে।