তহবিল-সংকটে শুরু হচ্ছে না সেতুর কাজ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের আইয়ুবপুরে ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর স্থলে পাকা সেতু নির্মাণের কাজ বহুদিন ধরে আটকে আছে। তহবিল-সংকটের কারণে কাজ শুরু করা যাচ্ছে না। অথচ দরপত্রের শর্তানুযায়ী সাত মাস আগেই ওই কাজ শুরু করার কথা।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বাঞ্ছারামপুর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা সওজ কার্যালয় গত বছরের জুলাইয়ে ওই সড়কের আইয়ুবপুর গ্রামে কাঠের বেইলি সেতুর স্থলে পাকা সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। কুমিল্লার তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পায়। নির্মাণ ব্যয় ধরা হয় চার কোটি ৫৫ লাখ ৭০ হাজার ৭৬৬ টাকা ৫০ পয়সা। এর দৈর্ঘ্য ৩৩ দশমিক ৫৪ মিটার ধরা হয়। গত বছরের ১৮ সেপ্টেম্বর কার্যাদেশ দেওয়া হয়। দরপত্রের শর্তানুযায়ী কার্যাদেশ পাওয়ার সময় থেকে এক বছরের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করার কথা।সওজের বাঞ্ছারামপুর কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ১৯৯৫ সালে লোহার ফ্রেমের মধ্যে কাঠ দিয়ে বেইলি সেতুটি নির্মাণ করা হয়। গত বছরের ২১ মার্চ ওই সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে গিয়ে একজন নিহত হয়। এরপর বেশ কয়েকবার এটি মেরামত করা হয়।একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বাবুল মিয়া বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি, কাজের কোনো ফান্ড নেই। তাই কাজ করছি না।’সওজ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম জানান, তহবিল-সংকটের কারণে আইয়ুবপুরের বেইলি সেতুর স্থলে পাকা সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে না। তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তহবিল পেলে ঠিকাদারকে দিয়ে কাজ শুরু করানো হবে।