দুর্গাপূজা উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলার পূজামণ্ডপগুলোর জন্য বরাদ্দ দেওয়া সরকারি বিশেষ অনুদানের চাল বিক্রি করে পাওয়া গেছে ১৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা। উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ফান্ডে (তহবিল) রাখার নামে এ টাকা থেকে এক লাখ আড়াই হাজার টাকা কেটে নিয়েছে।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক অরুণ অধিকারী বলেন, ‘বাড়তি কিছু টাকা আছে। ওই টাকা থেকে খরচপাতি মেটানোর পর যা থাকবে তা ফান্ডে রাখা হবে। ভবিষ্যতে পূজা উদ্যাপন পরিষদের সমাবেশ হলে ওই টাকা থেকে খরচ মেটানো হবে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর সূত্র জানায়, দুর্গোৎসব উপলক্ষে বাঘারপাড়ার ৮৫টি মণ্ডপের জন্য সাড়ে ৪২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে চারটি মণ্ডপে পূজা হচ্ছে না। এ চাল বিক্রি করে নগদ টাকা ৮১টি মণ্ডপে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক মাখনলাল ঘোষের নামে গত বৃহস্পতিবার চালের বরাদ্দপত্র (ডিও) দেওয়া হয়। তিনি চাল তুলে ৩১ টাকা কেজি দরে ১৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে যশোর-৪ আসনের সাংসদ রণজিৎ কুমার রায় পূজামণ্ডপের কর্মকর্তাদের হাতে ১৫ হাজার টাকা করে দেন। সেখানে ইউএনও, ওসি ও পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তারা ছিলেন।
বাকড়ী সর্বজনীন দুর্গাপূজা মন্দিরের সভাপতি মিহির বিশ্বাস বলেন, ‘আমরা মণ্ডপের জন্য ১৫ হাজার টাকা পেয়েছি।’
খাজুরা বাজার বৈদিক কালীমন্দিরের সহসভাপতি গোপাল পাল বলেন, ‘চাল বিক্রির টাকা হিসাব-নিকাশ কষে দেওয়া হয়েছে। কিছু খরচপাতি আছে। এ জন্য হয়তো কিছু টাকা কম দেওয়া হয়েছে।’ নাম প্রকাশ না করার শর্তে বাঘারপাড়া পূজা উদ্যাপন পরিষদের সাবেক এক সদস্য বলেন, ‘১ লাখ ২ হাজার ৫০০ টাকা কেন কেটে রাখা হলো সে সম্পর্কে অনুষ্ঠানে কিছুই বলা হয়নি। ওই টাকা নয়ছয় হয়ে যাবে।’
তবে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক মাখনলাল ঘোষ বলেন, ‘অনুষ্ঠানে খরচের পর ৬০ হাজার টাকার মতো আমাদের কাছে আছে। বড় ও জাঁকজমকপূর্ণ মণ্ডপগুলোর মধ্যে এ টাকা বিতরণ করা হবে।’
ইউএনও মোহাম্মাদ আশেক হাসান বলেন, ‘সবার সম্মতিতে ৬০ হাজার টাকা ফান্ডে রাখার সিদ্ধান্ত হয়েছে। এর কোনো অপব্যবহার হবে না।’