জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বিভিন্ন প্রকল্পে ছাড় করা অর্থ ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে কি না, সে বিষয়টি তদারকির জন্য একটি স্বায়ত্তশাসিত বোর্ড গঠনের প্রস্তাব করেছে ১৫টি বেসরকারি সংস্থা। সংস্থাগুলো বলছে, ট্রাস্ট ফান্ডের আওতায় প্রচুর অর্থের লেনদেন হবে। তাই তহবিলগুলো যেন সঠিকভাবে ব্যবহূত হয়, তা সঠিকভাবে তদারকি করতে হবে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।লিখিত বক্তব্যে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপের প্রধান আঞ্চলিক কর্মকর্তা এম এম মাহবুব হাসান বলেন, কীভাবে তহবিল ব্যবস্থাপনা ও তদারকি করা হবে, সে বিষয়ে করণীয় ঠিক না করেই সরকার ট্রাস্ট ফান্ডের বেশ কিছু প্রকল্পের তহবিল অনুমোদন করেছে। সংবাদ সম্মেলনে ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশের প্রধান সঞ্চালক রেজাউল করিম চৌধুরী, সমন্বয়ক মোস্তফা কামাল আকন্দ, গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযানের (সিএসআরএল) সদস্য-সচিব জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।