জলবায়ু বিপন্ন মানুষের কান্না শেষ পর্যন্ত তহবিলের আশ্বাসের নিচে চাপা পড়তে যাচ্ছে। উন্নত রাষ্ট্রগুলো জাতিসংঘ জলবায়ু তহবিল নিয়ে আলোচনায় জোর দিয়ে কার্বন নিঃসরণ কমানোর বিষয়টিকে আড়াল করে ফেলছে। ২০২০ সাল পর্যন্ত কার্বন নিঃসরণ কমানোর কোনো আইনগত বাধ্যবাধকতাসহ চুক্তি ডারবানে হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনবিষয়ক আলোচনায় আসা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেও হতাশার চিত্র পাওয়া গেছে। তাঁরা বলছেন, ডারবান জলবায়ু সম্মেলনের পরিণতি হতে যাচ্ছে হতাশাজনক। বেশির ভাগ রাষ্ট্র কিয়োটো চুক্তির অপমৃত্যু মেনে নিয়ে মুখ রক্ষার পথে এগোচ্ছে। ধনী রাষ্ট্রগুলো গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ছাড় করার সময়সীমা এবং রূপরেখা চূড়ান্ত করাকে সম্মেলনের সফলতা হিসেবে দেখানোর চেষ্টা করছে। তবে এর উৎস এখনো পরিষ্কার নয়।জাতিসংঘের মহাসচিব বান কি মুন জলবায়ু তহবিল দ্রুত ছাড় করার আহ্বান জানিয়ে বলেছেন, কোপেনহেগেন সম্মেলনে ধনী রাষ্ট্রগুলো তিন বছরে যে ৩০ বিলিয়ন ডলার তহবিল দেওয়ার ঘোষণা করেছিল, তাও এখনো পুরোপুরি ছাড় হয়নি। কোন দেশ কোন খাতে কত অর্থ ছাড় করেছে, তা জলবায়ু বিপন্ন রাষ্ট্রগুলোর কাছে পরিষ্কার নয়।গতকাল পর্যন্ত কার্বন নিঃসরণ ও তহবিলের ব্যাপারে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। কার্বন নিঃসরণবিষয়ক সমঝোতার ক্ষেত্রে গতকাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কিয়োটো চুক্তির ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে অঙ্গীকার করেছে। তবে তারা শর্ত জুড়ে দিয়েছে, উদীয়মান অর্থনীতির রাষ্ট্রগুলোকেও এই চুক্তির মধ্যে আসতে হবে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা বলেছেন, শেষ পর্যন্ত ইইউর এই অঙ্গীকারকে কিয়োটো চুক্তির ধারাবাহিকতা রক্ষার প্রমাণ বলে উপস্থাপনের চেষ্টা চলছে। এ ব্যাপারে ইইউর পাঁচজন মন্ত্রী বাংলাদেশসহ পাঁচটি দেশের পরিবেশমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন। যাদের কারণে ডারবান সম্মেলন ব্যর্থ হতে চলেছে বলে মনে করা হচ্ছে, সেই যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া, জাপান ও কানাডা এখনো তাদের আগের অবস্থানে অনড় রয়েছে। গতকাল বৃহস্পতিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বক্তব্য দিয়েছেন। তিনি শিল্পোন্নত রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণ কমানোর দ্বিতীয় পর্বেও অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের পরিণতি টাইটানিক জাহাজের মতো হবে। এটি ডুবে গেলে তৃতীয় শ্রেণীর যাত্রীদের মতো প্রথম শ্রেণীর যাত্রীরাও মরেছে। গতকাল সম্মেলনে জিসিএফের তিনটি বিষয় চূড়ান্ত করার ব্যাপারে আলোচনায় অগ্রগতি হয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতিবিষয়ক, প্রযুক্তি হস্তান্তর, অভিযোজন খাতের জন্য স্বতন্ত্র তহবিলের রূপরেখা চূড়ান্ত হয়েছে।