তহমিনার পরাজয়ের পেছনের কথা
ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তহমিনা আখতার মোল্লার পরাজয়ের পেছনে দলে বিভক্তি, প্রার্থীর অতি আত্মবিশ্বাস ও ভোট ব্যাংকে ফাটল—এই তিনটি বিষয় কাজ করেছে বলে মনে করছেন ভোটার ও স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা।
নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তহমিনা আখতার ৬ হাজার ৪৪০ ভোটের ব্যবধানে বিএনপির মির্জা ফয়সল আমিনের কাছে পরাজিত হয়েছেন। মির্জা ফয়সল ভোট পয়েছেন ১৯ হাজার ১৮৪। আর তহমিনা আখতার ১২ হাজার ৭৪৪ ভোট।
দলে বিভক্তি ও সহযোগিতার নামে বিরোধিতা: দীর্ঘ ১০ বছর পর ২০১৪ সালের অক্টোবরে অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা সম্মেলন ঘিরে বিভক্ত হয়ে পড়ে স্থানীয় আওয়ামী লীগ। এই বিভক্তি ছড়িয়ে পড়ে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোতেও। এ অবস্থায় ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে আট নেতা মেয়র পদের প্রত্যাশী হিসেবে আবেদন করেন। সম্ভাব্য সংঘাত এড়াতে দলাদলি থেকে কিছুটা দূরের মানুষ হিসেবে পরিচিত জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক তহমিনা মোল্লাকে ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড প্রার্থী করে। এ সিদ্ধান্ত আওয়ামী লীগের স্থানীয় অনেক নেতাই ভালোভাবে নেননি। কিন্তু দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিরোধিতা না করে এসব নেতার অনেকেই ভোটের মাঠে থাকেন নিষ্ক্রিয়। আবার অনেকে মাঠে থাকলেও সহযোগিতার আশ্বাস দিয়েও ভেতরে-ভেতরে চালিয়ে যান বিরোধিতা। এ অবস্থায় শুরু থেকেই আওয়ামী লীগের প্রচারণায় সমন্বয়হীনতা দেখা দেয়। এ বিষয়ে গত ১৬ ডিসেম্বর প্রথম আলোতে ‘হারানো মুকুট ফিরে পেতে চায় বিএনপি’ শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে দলে সমন্বয়হীনতার কথা স্বীকারও করেছিলেন মেয়র প্রার্থী তহমিনা।
তহমিনা গতকাল বৃহস্পতিবার বলেন, ‘দলের ভেতর বিরোধিতা তো আছেই। আমাকে হারাতে ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন সরাসরি ভূমিকা রেখেছেন। সাংসদের সঙ্গে একাধিকবার দেখা করে তাঁর সহযোগিতা চাইলে তিনি বরাবর বলেছেন, তুমি তো আমাকে ছাড়িয়ে গেছো। এখন নিজেই ভোট করো। নৌকা মার্কায় ভোট না দিতে বাধ্য করতে ভোটারের কাছ থেকে ফাঁকা ব্যালট কিনে নিয়েছেন আমাদের দলেরই লোকজন। ভবিষ্যতে সংসদ নির্বাচনে প্রার্থিতা চাইব না এমন অঙ্গীকারনামাও চেয়েছেন এক নেতা। এখন তাঁর নাম বলব না। এসব কথা দলের সভানেত্রীর কাছে জানাব।’
তহমিনা দাবি করেন, বিদ্রোহী প্রার্থী এস এম সোলায়মান আলী সরকারকে আওয়ামীবলয়ের লোকজনই ভোটের মাঠে থাকতে সহযোগিতা করেছেন। জেলা আওয়ামী লীগের একাংশ তাদের লোকজন দিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণাও চালিয়েছে।
প্রার্থীর অতি আত্মবিশ্বাস: ২০০৮ সালে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে তহমিনা বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। কেন্দ্র থেকে দলের মনোনয়ন পাওয়ার পর তাঁর আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়। পৌরসভায় নারী ভোটার বেশি এবং তহমিনা নারী প্রার্থী হওয়ায় এই ভোটগুলো তিনি পাবেন বলে নিশ্চিত ছিলেন। পাশাপাশি কেন্দ্র থেকে নারী নেতারা এসে তাঁর পক্ষে প্রচারণা চালালে সেই আত্মবিশ্বাস আরও বাড়ে। কিন্তু নারীদের ভোটকেন্দ্রে নিতে উদ্বুদ্ধ করার কাজটি তিনি যথাযথভাবে করতে পারেননি। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রের নারী ভোটার ফেরদৌস আরা বলেন, ‘তহমিনাকে ভোট দিব বলে ঠিক করেছিলাম। কিন্তু ভোটকেন্দ্রে গোলযোগের কথা শুনে আর যাইনি।’
ভোট ব্যাংকে ফাটল: ঠাকুরগাঁও পৌরসভায় সংখ্যালঘু সম্প্রদায় ও ১১ নম্বর ওয়ার্ড বরাবরই আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে পরিচিত। বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের আশ্রমপাড়া মন্দির ও বুলবুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি-সংক্রান্ত দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্বের একপর্যায়ে এলাকার কিছু মানুষ মন্দিরের পাকা দেয়াল ভেঙে দেয়। মন্দিরবিরোধী এ ঘটনায় তহমিনার হাত রয়েছে বলে তাঁর বিপক্ষের একটি শক্তি প্রচার করে। এতে হিন্দু সম্প্রদায়ের অনেকের ভোটই এবার পাননি আওয়ামী লীগের প্রার্থী তহমিনা। এ ছাড়া ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগের আরেকটি ভোট ব্যাংকখ্যাত খানকা শরিফের পীর সাহেব আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সোলায়মান আলীকে সমর্থন দেন। এতে খানকা শিরফের লোকজন সরাসরি সোলায়মান আলীর পক্ষে প্রচারণা চালান। এই দুটি ভোট ব্যাংকে ফাটল ধরায় এবার ১১ নম্বর ওয়ার্ডের ৩ হাজার ৩২৪ ভোটের মধ্যে তহমিনা পান মাত্র ১৮৮ ভোট। আর সোলায়মান আলী সরকার পান ২ হাজার ৫৭৯টি।
এসব বিষয়ে সংসদ সদস্য রমেশ চন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী বলেন, ‘কেন্দ্র থেকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার পর দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছি। দলের প্রার্থীকে জয়ী করতে নেতা-কর্মীরা আপ্রাণ চেষ্টা করেছে। তবুও আমরা জয়লাভ করতে পারিনি। প্রার্থীর পরাজয়ে দলের ভেতরে প্রার্থীর প্রতি যে বিরোধিতার কথা ছড়ানো হচ্ছে তা ঠিক নয়।’