রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়ন ভূমি কার্যালয়সংলগ্ন মাঠের একটি নিমগাছ কেটে আত্মসাতের চেষ্টার অভিযোগে ওই কার্যালয়ের তহশিলদার রাজকিশোর মদন ও পিয়ন তোজাম্মেল হককে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোমবার এ নোটিশ জারি করেন। জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই গত ১৮ জানুয়ারি কান্দি ইউনিয়ন ভূমি কার্যালয়সংলগ্ন মাঠের একটি নিমগাছ কাটার জন্য তহশিলদার রাজকিশোর মদন ও পিয়ন তোজাম্মেল হককে নির্দেশ দেন। গত শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে রাজকিশোর ও তোজাম্মেল শ্রমিক দিয়ে নিমগাছটি কেটে ফেলার সময় এলাকাবাসী তাঁদের কাছে গাছ কাটার প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। তখন রাজকিশোর ও তোজাম্মেল কৌশলে পালিয়ে যান। গত রোববার প্রথম আলোয় ‘পীরগাছায় ভূমি কার্যালয়ের গাছ কেটে আত্মসাতের চেষ্টা!’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি প্রশাসনের নজরে পড়ে।