তহশিলদারের স্লিপ নিয়ে কাটতে হয় চরের ধান
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার (তহশিলদার) দেওয়া বিশেষ স্লিপ ছাড়া পটুয়াখালীর বাউফলের দুটি চরের ধান কাটতে পারছেন না কৃষকেরা। আর টাকার বিনিময়ে তিনি এই স্লিপ দেন বলে অভিযোগ আছে। কয়েক দিন ধরে ক্ষমতাসীন দলের লোকজনের যোগসাজশে তহশিলদার এই অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার কেশবপুর ইউনিয়নের চর মমিনপুর ও চর ইশান নামে দুটি চরের ইজারা নেওয়া খাসজমির ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) এবং ব্যক্তিমালিকানাধীন জমির ধান কাটতে হয় ওই বিশেষ স্লিপের মাধ্যমে। ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, দায়িত্বপ্রাপ্ত তহশিলদার আবদুল জব্বার স্লিপ দিয়ে উপজেলা ভূমি কার্যালয় থেকে দেড় একর করে জমির ডিসিআর বাবদ কৃষকদের কাছ থেকে দুই থেকে আড়াই হাজার টাকা এবং ব্যক্তিমালিকানার জমির মালিকদের কাছ থেকে একরপ্রতি ৬০০ টাকা নিচ্ছেন। তহশিলদারের সই করা বিশেষ স্লিপ ছাড়া কেউ তাঁর জমির ধান কাটতে পারছেন না। এই কাজে সহযোগিতা করছেন স্থানীয় ইউনিয়ন যুবলীগ সভাপতি মশিউর রহমান এবং ইসমাইল বাহিনী।মমিনপুর গ্রামের আবদুল মালেক গাজী জানান, চর মমিনপুরের ৯০৭ নম্বর দাগ ও ৯০১ নম্বর খতিয়ানে তাঁর দেড় একর জমির ধান কাটার জন্য স্লিপ সংগ্রহ করতে তহশিলদারকে ৭০০ টাকা দিতে হয়েছে। কেন ওই টাকা নেওয়া হয়েছে—জানতে গেলে গত শুক্রবার সন্ধ্যায় ইসমাইল বাহিনীর লোকজনের মারধরে আহত হয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল ও রুবেল মুন্সি। তাঁরা বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।একই গ্রামের আবদুল মালেক জানান, এ বছর চর মমিনপুরের ছয় একর জমির ডিসিআর নিয়ে তিনি আমন চাষ করেছেন। স্লিপ না নেওয়ায় তাঁর জমির ধান কেটে নিয়ে গেছে ইসমাইল বাহিনীর লোকজন।চর ইশানের কৃষক আফজাল হোসেন জানান, তিনি সাড়ে চার একর জমির ডিসিআর নিয়ে এ বছর ধান চাষ করেছেন। ইতিমধ্যে তহশিলদারকে একরপ্রতি ৬০০ টাকা দিয়ে স্লিপও নিয়েছেন। তবে এখন পর্যন্ত ধান কাটেননি।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, চর মমিনপুরে মোট ৯২৫ একর জমির মধ্যে খাসজমি ১২৫ একর ও ব্যক্তিমালিকানায় ৮০০ একর। চর ইশানে মোট ৩২০ একর জমির মধ্যে খাস ২০ একর ও ব্যক্তিমালিকানায় ৩০০ একর। ওই দুই চরের প্রায় সব জমিতে আমন চাষ হয়েছে। মারধর বা ধান লুটের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন ইসমাইল ও মশিউর। তাঁরা দাবি করেন, তাঁদের কোনো বাহিনী নেই। একটি চক্র কৃষকদের দিয়ে তাঁদের নাম বলাচ্ছে।তহশিলদার আবদুল জব্বার অভিযোগ অস্বীকার করে জানান, কাগজপত্র যাচাই-বাচাই করে ধান কাটার অনুমতি দেওয়া হয় মাত্র। টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়।ধান কাটার এ মৌসুমে ওই দুই চরে দায়িত্বপ্রাপ্ত বাউফল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কানাই বাবু বলেন, মারধরের খবর তিনি শুনেছেন। ভূমি কার্যালয়ের লোকজন যাঁদের কাগজ সঠিক বলে দেয়, তাঁদের ধান কাটতে যাতে কেউ বাধা সৃষ্টি করতে না পারে সে দায়িত্ব তাঁরা সঠিকভাবে পালন করে যাচ্ছেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৃণাল কান্তি দে বলেন, অভিযোগের সত্যতা পেলে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।