তহুরা ‘দ্বিতীয়বার মরলেন’ আরও তিনজনকে নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার চন্দাই গ্রামের তহুরা খাতুন (৩০) সাভারের রানা প্লাজার পঞ্চমতলায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। ভবনধসের ঘটনায় মারা যান তিনি। স্বজনেরা চার দিন পর তাঁর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে গতকাল রোববার ভোরে দুর্ঘটনার কবলে পড়েন। এতে তিনজন মারা যান। আহত হন তহুরার বাবা, স্বামী ও তিন প্রতিবেশী। প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে সাভার থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি পাবনার উদ্দেশে রওনা হয়। ভোর সাড়ে ছয়টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী এলাকায় দুজন পথচারী অ্যাম্বুলেন্সটির সামনে এসে পড়েন। তাঁদের বাঁচাতে গিয়ে অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্যাংক-লরির পেছনে ধাক্কা খায় অ্যাম্বুলেন্সটি। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালকের সহকারী নুরুল হক (২০) ও পথচারী তায়জাল হোসেন (৫৫) নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে অপর পথচারী লোকমান হোসেন (৩০) মারা যান। তাঁদের বাড়ি শাহজাদপুরের আলোকদিয়া গ্রামে। আর অ্যাম্বুলেন্স-চালকের সহকারীর বাড়ি মাদারীপুরের চর লক্ষ্মীপুর গ্রামে। দুর্ঘটনায় আহত হন অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা নিহত তহুরার বাবা সোবাহান, স্বামী লাল মিয়া, প্রতিবেশী দুলাল হোসেন, শাহীন ও শাহজাহান। আহত ব্যক্তিদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লাল মিয়া জানান, সাভারেই তহুরার সঙ্গে তাঁর পরিচয়। গত ২৬ মার্চ বিয়ে করেন। বেশ সুখী ছিলেন তাঁরা। স্বামী-স্ত্রীর রোজগারে ভালোই চলছিল সংসার। ঘটনার দিন ভোরে তহুরার সঙ্গে শেষ কথা হয় তাঁর। কাজের তাগিদে তিনি ওই দিন ভোরে বাইরে চলে যান। সকাল ১০টার দিকে জানতে পারেন, রানা প্লাজা ধসে পড়েছে। স্ত্রীকে খুঁজতে ছুটে আসেন। চার দিন খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত স্ত্রীর লাশ পান। এদিকে সড়ক দুর্ঘটনার খবর জানার পর তহুরার অন্য স্বজনেরা সিরাজগঞ্জে ছুটে যান। সেখান থেকে গতকাল দুপুরে তহুরার লাশ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে।