তহুরা ‘দ্বিতীয়বার মরলেন’ আরও তিনজনকে নিয়ে
পাবনার আটঘরিয়া উপজেলার চন্দাই গ্রামের তহুরা খাতুন (৩০) সাভারের রানা প্লাজার পঞ্চমতলায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। ভবনধসের ঘটনায় মারা যান তিনি। স্বজনেরা চার দিন পর তাঁর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে গতকাল রোববার ভোরে লাশবাহী অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনজন মারা যান। আহত হন তহুরার বাবা, স্বামী ও তিন প্রতিবেশী।প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে সাভার থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি পাবনার উদ্দেশে রওনা হয়। ভোর সাড়ে ছয়টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী এলাকায় দুজন পথচারী অ্যাম্বুলেন্সটির সামনে এসে পড়েন। তাঁদের বাঁচাতে গিয়ে অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্যাংক-লরির পেছনে ধাক্কা খায় অ্যাম্বুলেন্সটি। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালকের সহকারী নুরুল হক (২০) ও পথচারী তায়জাল হোসেন (৫৫) নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে অপর পথচারী লোকমান হোসেন (৩০) মারা যান। তাঁদের বাড়ি শাহজাদপুরের আলোকদিয়া গ্রামে। আর অ্যাম্বুলেন্সচালকের সহকারীর বাড়ি মাদারীপুরের চর লক্ষ্মীপুর গ্রামে। দুর্ঘটনায় আহত হন অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা নিহত তহুরার বাবা সোবাহান (৫০), স্বামী লাল মিয়া (৪০), প্রতিবেশী দুলাল হোসেন (৪৮), শাহীন (৪০) ও শাহজাহান (৪০)।