তাঁকে চিরবিদায় জানানো হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে আজ জানানো হবে সশ্রদ্ধ চিরবিদায়। তিনি আকস্মিক অসুস্থতায় গত শনিবার রাত নয়টার পর পৃথিবীর মায়া কাটিয়ে না-ফেরার দেশে চলে যান। মরদেহ রাখা হয়েছিল রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমঘরে।
পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র-প্রবাসী মেজো মেয়ে নুসরাত হাবিব দেশে ফিরছেন। তাঁর ফেরার অপেক্ষাতেই রোববারের পরিবর্তে আজ সোমবার হাবিবুর রহমানের দাফন সম্পন্ন হবে। সকাল আটটায় মরদেহ তাঁর গুলশানের বাসভবনে আনা হবে। রাখা হবে নয়টা পর্যন্ত। পরিবারের সদস্য ও আত্মীয়রা শেষবারের মতো তাঁকে বিদায় জানাবেন।
সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে এই ভাষাসৈনিককে আনা হবে সকাল ১০টায়। দুপুর ১২টা পর্যন্ত এখানে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর তাঁকে আনা হবে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট চত্বরে। এখানে শ্রদ্ধা নিবেদনের পর জানাজা সম্পন্ন হবে। সেখান থেকে আনা হবে গুলশান আজাদ মসজিদে। এখানে বাদ আসর দ্বিতীয় জানাজার পর বনানী কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
গতকাল রোববার সালাহউদ্দীন আহমেদ, জিল্লুর রহমান সিদ্দিকী, আনিসুজ্জামানসহ তাঁর বহু সুহূদ ও গুণগ্রাহী গুলশানের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। তাঁর স্ত্রী ইসলামা রহমান জানিয়েছেন, ১৪ জানুয়ারি মঙ্গলবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে।
শোক: সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও ধর্মীয় সংগঠন-সংস্থা এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পাঠানো এক শোকবার্তায় সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘দেশের বিচারব্যবস্থায় অবদান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে জাতির সংকটময় মুহূর্তে দৃঢ়চিত্তে সাহসী দায়িত্ব পালনের জন্য বিচারপতি হাবিবুর রহমান অবিস্মরণীয় হয়ে থাকবেন।’
জাতীয় মানবাধিকার কমিশনের শোকবার্তায় বলা হয়, মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশ একজন অভিভাবককে হারাল। এ ক্ষতি অপূরণীয়। বিচারপতি হাবিবুর রহমানের সৃষ্টিকর্ম আগামী পথচলার প্রেরণা হয়ে থাকবে।
এ ছাড়া বিচারপতি হাবিবুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইন ও সালিশ কেন্দ্র (আসক), নাগরিক উদ্যোগ, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ, ঐক্য ন্যাপ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, গণফোরাম, বাংলাদেশ অর্থনীতি সমিতি, হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ আইন সমিতি, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, গণ-অধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), জাকের পার্টি, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব।