তাঁত ও জামদানির সঙ্গে বাজার মাতাচ্ছে দাবাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে ঈদের বাজার জমে উঠেছে। বিশেষ করে শাড়ি, তৈরি পোশাক, জুতার দোকানে তুলনামূলকভাবে বেশি ভিড় লক্ষ করা যাচ্ছে। এসব দোকানে তাঁত ও জামদানি শাড়ির সঙ্গে মেয়েদের বেশি পছন্দ হচ্ছে ভারতীয় সিরিয়ালের নায়িকাদের নামের তৈরি করা জামা—সোহানা, মুন্নি, দাবাং, পাকলু ও কোশিগুপ্তা। আর ছেলেদের পছন্দ থাই জিনস ও দেশি-বিদেশি শর্ট পাঞ্জাবি। শহরের সাহেব আলী রোডে গত এক দশকে গড়ে উঠেছে তাঁত, জামদানি ও দেশীয় কাপড়ের বাজার। এই সড়কের দুই পাশে বংশী, তাঁত কুঠি, দি নিউ নবরূপা, বুটিক হাউস, রাম্মাস, সারেং বউ, রূপসী বাংলাসহ আরও কয়েকটি দোকানে টাঙ্গাইলের তাঁত শাড়ি, জামদানি শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি ও ফতুয়ার নানান সমারোহ ঘটানো হয়েছে। বংশীর মালিক স্বরজিৎ রায় জোনাকি জানান, এবার পাতলা মসলিনের ওপর ভারী কাজের শাড়ি বেশি চলছে। আর এসবের দাম এক হাজার ৮০০ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত। দি নিউ নবরূপার মালিক জুবায়ের ইসলাম বলেন, পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় গ্রাহকদেরও দাম বেশি পড়ছে। ফলে গ্রাহক কিছুটা কম। তবে গ্রাহকদের দেশীয় পোশাকের প্রতি আগ্রহ অনেক বাড়ছে। এই দোকানের গ্রাহক ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা শামীমা হাসান বলেন, কাপড়ে এবার বৈচিত্র্য অনেক বেশি, দামও একটু বেশি। বিশেষ করে বাচ্চাদের কাপড়। শহরের গাঙ্গিনারপাড় এলাকার শাড়ি কাপড়ের দোকান রেখা বস্ত্রালয়ের কর্মচারী সুকুমার দে বলেন, ঈদে বেশি চলছে নেটজাতীয় ভারতীয় শাড়ি। মিরপুরের কাতানেরও ভালো চাহিদা রয়েছে। এসব কাপড় দুই হাজার থেকে শুরু করে সাত হাজার টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমাদের দম ফেলারও ফুরসত নেই। শহরের মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজার গ্রেস গ্যালারিয়ার মালিক অধ্যক্ষ এখলাস উদ্দিন খান জানান, ছেলেদের এবার বেশি পছন্দ থাই জিনস ও গ্যাবাডিন প্যান্ট। দেড়-দুই হাজার টাকায় এসব বিক্রি হচ্ছে বেশি। তা ছাড়া ক্যাজুয়াল শার্ট ও শর্ট পাঞ্জাবিও বেশ পছন্দ সব বয়সের গ্রাহকের। মার্কেটের উনিশ-কুড়ির মালিক সজীব রায়হান বলেন, এবার বেশি চলছে ভারতীয় টিভি সিরিয়ালের নায়িকা—সোহানা, মুন্নি, দাবাং, পাকলু ও কোশিগুপ্তা নামে বের হওয়া জামা। এসবের দাম সাড়ে তিন থেকে শুরু করে ১০ হাজার টাকার মধ্যে রয়েছে। দোকানের গ্রাহক বিবিএর ছাত্রী মাহজাবি আক্তার রুমকি বলেন, তুলনামূলকভাবে এবার ডিজাইন অনেক বেশি। দামও একটু বেশি।আক্তার ম্যানসনের সাজনী প্রসাধনীর মালিক শেখ রাসেল বলেন, কাপড় ও জুতা কেনার পর এখন প্রসাধনী কেনার জন্য আমাদের দোকানে ভিড় বাড়ছে। ঈদ বাজারে এবার ভিন্ন চিত্র কেবল জুয়েলারির দোকানগুলোতে। বাজারে স্বর্ণের দাম বাড়ায় শহরের জুয়েলারির দোকানগুলোতে বিকিকিনি নেই বললেই চলে। শহরের এবিগুহ রোডের মনিহার জুয়েলার্সের মালিক প্রশান্ত সরকার বলেন, ‘মূলত স্বর্ণের দাম বাড়ায় বাজারে এর বিরূপ প্রভাব পড়েছে। আমরা একরকম বেকার বসে আছি।’