তাঁত ও বস্ত্রমেলার অনুমতি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে মাসব্যাপী তাঁত ও বস্ত্রমেলার অনুমতি বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ দাবিতে গতকাল শুক্রবার তাঁরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এর আগে গত বৃহস্পতিবার সংবাদ সমেঞ্চলন, মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ ও সোমবার আধাবেলা ধর্মঘট পালন করা হয়। ব্যবসায়ী সূত্রে জানা যায়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নির্দেশে ‘তাঁত সমিতি’ দেশের সব জেলা ও উপজেলা শহরে মাসব্যাপী তাঁত ও বস্ত্রমেলার আয়োজন করে। কয়েক বছর ধরে এ মেলার আয়োজন করা হচ্ছে। এবার ২৩ মে থেকে ভৈরবে মেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আন্দোলনের কারণে এখনো তা শুরু হতে পারেনি। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের মেলার মাধ্যমে আয়োজকেরা অধিক লাভবান হবেন। আর্থিক ক্ষতির মুখে পড়বেন স্থানীয়রা। তাই তাঁরা তাঁত ও বস্ত্রমেলার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। গতকাল বিক্ষোভ মিছিল শেষে শহীদ চত্বরে সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমন্বয় পর্ষদের সভাপতি এম এ লতিফ। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশতাক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মির্জা সুলায়মান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, ব্যবসায়ী সমন্বয় পর্ষদের সদস্যসচিব আতিক আহমেদ, পৌর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আতিক আহমেদ, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, ছবিঘর শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মস্তোফা কামাল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, এই মেলায় তাঁতিরা অংশ নেন না। মেলায় নিম্নমানের কাপড় বিক্রি করা হয়। আর এর দায়ভার পড়ে স্থানীয় ব্যবসায়ীদের ওপর। তাই মেলার অনুমতি বাতিল করা না হলে লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে। এ ব্যাপারে জেলা প্রশাসক (ডিসি) মো. ছিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁত ও বস্ত্রমেলা আয়োজনে সরকারি নির্দেশ রয়েছে। দেশীয় তাঁতশিল্পের প্রসারের জন্য এ মেলার আয়োজন করা হয়। কাজেই এ মেলার বিষয়ে ব্যবসায়ীদের দ্বিমত পোষণ করা ঠিক হচ্ছে না।