তাঁত ও শ্রম তাঁতির মুনাফা মহাজনের

শীতের আমেজ শুরু হতেই ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার কিসামত কেশুরবাড়ি গ্রামের তাঁতিরা কম্বল তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু সুতা ও অন্যান্য উপকরণের মূল্য বেড়ে যাওয়ায় তাঁরা এ ব্যবসায় আগের মতো পুঁজি বিনিয়োগ করতে পারছেন না। মুনাফা চলে যাচ্ছে মহাজনের ঘরে।
তাঁতিদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পরবর্তী সময়ে কিসামত কেশুরবাড়ি গ্রামে শুরু হয় তাঁতযন্ত্রের মাধ্যমে কম্বল তৈরির কাজ। গ্রামে প্রায় ৫০০ পরিবারের বসবাস। তাঁদের অধিকাংশই কম্বল বুননের কাজে জড়িত। তাঁরা বলসুতা, পুরোনো সোয়েটারের উল দিয়ে কম্বল, গায়ের চাদর, মাফলারসহ আরও অনেক কিছু তৈরি করেন।
গ্রামের তাঁতি গোবর্ধন দেবনাথ জানান, আট থেকে ১০ জনের একটি দল বগুড়ার শান্তাহারের শাওয়ালহাট গিয়ে কম্বলের সুতা কিনে আনেন। যে সুতা তাঁরা গত বছর প্রতি মণ এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকায় কিনেছিলেন এবার তা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার টাকায়। উপকরণের মূল্যবৃদ্ধি ও দুষ্প্রাপ্যতার কারণে তাঁতিরা এখন আর আগের মতো এ শিল্পে পুঁজি বিনিয়োগ করতে পারছেন না।
তাঁতের মালিক ধীমান দেবনাথ বলেন, কেশুরবাড়ির কম্বলের চাহিদা থাকলেও সুতা ও অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এলাকার অনেক তাঁত বন্ধ করে রাখা হয়েছে। তাঁদের অনেকেই মহাজনের সঙ্গে চুক্তি করে কম্বল বুনে দেন। এ ক্ষেত্রে তাঁতি শুধু শ্রমের মজুরি পান। তাঁরা এসব কম্বল অন্য ব্যবসায়ীর কাছে বিক্রি করতে পারেন না। একটি কম্বল বুনে তাঁতিরা মজুরি পান মাত্র ২৫ থেকে ৩০ টাকা।
তাঁতের কারিগর অনিল রায় জানান, সুতা কিনে তাঁত চালাতে পারলে ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে সাধারণ মানের একটি কম্বল তৈরি করা সম্ভব; যা বাজারে ২২৫ থেকে ২৫০ টাকায় বিক্রি করা যায়। নিজের পুঁজি খাটিয়ে কম্বল বুনতে পারলে তাঁতি প্রতিটি কম্বল থেকে আরও ৫০ টাকা বেশি লাভ করতে পারতেন।
তাঁতি বাবুল চন্দ্র জানান, শীতে ২০০ টাকায় যে কম্বলটি বিক্রি হয়, সেটি গরমের সময় তাঁতিরা মাত্র ১২৫ থেকে ১৪০ টাকায় বিক্রি করতে বাধ্য হন। সে সময় মহাজনেরা কম দামে কম্বল কিনে গুদামে রেখে দেন। শীতের সময় বেশি দামে বিক্রি করে মুনাফা করেন।
কেশুরবাড়ির তাঁতিদের কাছ থেকে কম্বল কিনে বাজারে সরবরাহ করেন বাবুল বিশ্বাস। তিনি বলেন, যেসব তাঁতি পুঁজির অভাবে তাঁত চালু রাখতে পারেন না, তাঁদের সঙ্গে কম্বল বুনে দেওয়ার চুক্তি হয়। এতে কারিগররা যেমন কাজ পাচ্ছেন তেমনি ব্যবসায়ীরাও লাভ করছেন।
তাঁতি পঞ্চম দেবনাথ বলেন, একসময় হ্যান্ডলুম বোর্ড কেশুরবাড়ির তাঁতিদের উন্নয়নের জন্য উদ্যোগ নেয়। বোর্ড তাঁতিদের স্বল্প সুদে ঋণ ও ন্যায্যমূল্যে কাঁচামাল ও যন্ত্রাংশ সরবরাহের সিদ্ধান্ত নেয়। কৃষি ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রশিল্পের জন্য ঋণ দেওয়া শুরু হলেও গ্রামের ১৬৩ জন তাঁতিকে ঋণ দেওয়ার পর তা বন্ধ হয়ে যায়। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে।
জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান, তাঁতিদের জন্য কোনো উদ্যোগ নেওয়া যায় কি না তা তিনি বিবেচনা করে দেখবেন।