তাঁত শ্রমিকদের খণ্ড খণ্ড মিছিল, পুলিশি বাধায় সমাবেশ হয়নি
নরসিংদীতে বেতন-ভাতা বাড়ানোসহ ১৩ দফা দাবিতে তাঁতশ্রমিকদের একাংশের ধর্মঘট চলছে। ধর্মঘটের ষষ্ঠ দিনে গতকাল রোববার সকালে নরসিংদী শহরের চৌয়ালা, সাটিরপাড়া, শালিদা এলাকায় খণ্ড খণ্ড মিছিল হয়েছে। তবে পুলিশি বাধার কারণে শ্রমিকেরা সভা-সমাবেশ করতে পারেননি বলে জানা গেছে। গতকাল সকালে সরেজমিনে গিয়ে তাঁতকল মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই পক্ষের সমঝোতা না হওয়ায় নরসিংদীর অন্তত ২৫ হাজার তাঁতকলে উৎপাদন বন্ধ রয়েছে। এতে একদিকে যেমন মালিকদের লোকসান হচ্ছে, তেমনি অন্যদিকে শ্রমিকদের ঘরে ঘরে অভাব শুরু হয়েছে। এ সময় শ্রমিকদের মিছিল করতে দেখা যায়। শ্রমিকেরা জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে তাঁদের দাবি সরকার ও মালিকপক্ষের কাছে তুলে ধরেন। কিন্তু কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে তাঁরা ধর্মঘট ডেকেছেন। কিন্তু ধর্মঘটের ছয়দিনেও সরকার বা মালিক কারও পক্ষ থেকেই সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য শ্রমিকনেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা মাঠ ছাড়বেন না।চৌয়ালা মহল্লার শ্রমিক আতাউর রহমান বলেন, ‘কাজ কইরায় পেটের ভাত জোগাইতে পারি না। আর কাজ না থাকলে অবস্থা কী হইব মুখে বলার কিছু নাই।’ সাটিরপাড়ার কাজী মামুন, শুকুর মিয়াসহ কয়েকজন শ্রমিক প্রায় একই কথা বলেন। তাঁরা দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানান।জেলা টেক্সটাইল মিল মালিক সমিতির সভাপতি এ কে এম ফজলুল হক জানান, সাধারণ ঘটনা নিয়ে আন্দোলনের হুমকি বা আন্দোলন করা শ্রমিকদের স্বভাবে পরিণত হয়েছে। ধর্মঘটে গেলেও তাঁদের দাবি মানার সুযোগ নেই।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হাসান জানান, শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা নেই। কিন্তু মহাসড়ক অবরোধ করতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়।