তাঁত শ্রমিকের কাজ করেও জিপিএ-৫ পেয়েছে শফিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহে তিন দিন স্কুল আর তিন দিন তাঁত শ্রমিকের কাজ করতে হয়েছে। সেই সঙ্গে টিউশনিও করতে হয়েছে। এভাবেই নিজের পড়ার খরচ জোগাতে হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের শফিকুল ইসলামকে। শত কষ্টের মাঝেও এ বছর এসএসসি পরীক্ষায় শাহজাদপুর উপজেলার কৈজুরী স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে।

শফিকুলের বাড়ি উপজেলার প্রত্যন্ত চর এলাকা চরগুদিবাড়ী গ্রামে। তাদের নিজের কোনো ভিটেমাটি নেই। ১৫ বছর আগে যমুনা নদীতে বাড়িঘর, জমিজমা সবকিছু বিলীন হয়ে যায়। তারপর থেকেই মামার দেওয়া জমিতে আশ্রিত তার পরিবার। চার বোন ও বাবা-মা নিয়ে শফিকুলদের পরিবার। বাড়িতে একটি মাত্র ঘর; তাও সামান্য বৃষ্টি হলেই সেই ঘরে পানি পড়ে। শফিকুলের বাবা কামাল হোসেন একজন দিনমজুর। মা কুসুম খাতুনও তাঁতের কাজ করেন। দুই বোন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। অন্য দুই বোনের বিয়ে হয়ে গেছে। অভাবের সংসারে নিজের লেখাপড়ার খরচ জোগাড় করার পাশাপাশি সংসারের খরচও বহন করতে হয়েছে তাকে।

বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই শফিকুল মেধাবী ছাত্র ছিল। জেএসসি পরীক্ষায়ও সে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। ষষ্ঠ শ্রেণি থেকেই সে টিউশনি শুরু করে। সপ্তাহে তিন দিন তাঁত শ্রমিকের কাজ করায়, স্কুলে অনিয়মিত হলেও সব ক্লাসেই প্রথম হয়েছে। শিক্ষক ও বন্ধুদের কাছ থেকে ক্লাসের পড়া বুঝে নিত। বাড়িতে শুধু রাতের বেলায় ছয় ঘণ্টা লেখাপাড়া করত।

শফিকুল জানায়, ‘মাধ্যমিকের গণ্ডি পার হলেও কলেজে পড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় আছি। ভালো কলেজে ভর্তি হলে দূরে যেতে হবে। সেই অর্থের জোগান আমি কোথায় পাব? ইচ্ছে ছিল ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণ করে একজন প্রকৌশলী হব। জানি না সেই আশা পূরণ হবে কিনা।’ এসএসসিতে ভালো ফলাফলের জন্য সে শিক্ষক আর বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

শফিকুলের বাবা কামাল হোসেন জানান, ‘বয়স হওয়ায় আমার উপার্জন ক্ষমতা কমে গেছে। তারপরও সংসারের বোঝা। কীভাবে ছেলেটি লেখাপড়া করবে, এই চিন্তায় ব্যাকুল হয়ে পড়েছি। এ পর্যন্ত শফিকুল নিজের চেষ্টাতেই লেখাপড়া করেছে।’

কৈজুরী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আবদুল খালেক জানান, শফিকুল মেধাবী হওয়ায় তার পরীক্ষাসহ বিদ্যালয়ের সব খরচ মওকুফ করা হয়েছিল। তারপরও সংসারের খরচ জোগাতে ক্লাসে নিয়মিত আসতে পারেনি। এত কষ্টের পরও সে জিপিএ-৫ পেয়েছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার লেখাপড়ার সহায়তায় এগিয়ে আসেন, তাহলে ছেলেটি অবশ্যই একদিন মানুষের মতো মানুষ হবে।