তাঁতশিল্পে অশনিসংকেত
নফেল উদ্দীন ১ ফেব্রুয়ারি ২০টি শাড়ি নিয়ে এসেছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাপড়ের হাটে। অবরোধ ও হরতালের কারণে একটি শাড়িও বিক্রি হয়নি। আগের হাটেও গত ২৮ জানুয়ারি (বুধবার) শাড়ি এনে বিক্রি করতে পারেননি। পর পর দুটি হাটে বিক্রি না হওয়ায় শাড়ি নিয়েই ফিরে যেতে হয়েছে তাঁকে।
হরতাল-অবরোধের কারণে শাড়ি ও কাপড় বিক্রি কমে যাওয়ায় নফেল উদ্দীনের মতো সিরাজগঞ্জ জেলার কয়েক লাখ তাঁতমালিক বিপদে পড়েছেন। ঘরে কাপড় মজুত থাকলেও নগদ অর্থ ফুরিয়ে গেছে। তাই বাধ্য হয়ে তাঁদের মধ্যে অনেকেই তাঁত বন্ধ করে দিয়েছেন। আবার কেউ কেউ বিক্রি করে দিয়েছেন।
সিরাজগঞ্জ তাঁত বোর্ড, তাঁতমালিক ও শ্রমিকদের সংগঠন সূত্রে জানা গেছে, জেলায় প্রায় দুই লাখ হ্যান্ডলুম ও প্রায় এক লাখ পাওয়ারলুম তাঁত রয়েছে। এর সঙ্গে জড়িত শ্রমিক-কর্মচারীর সংখ্যাও পাঁচ লক্ষাধিক। তাঁতশিল্পকে কেন্দ্র করে শাহজাদপুর, বেলকুচি ও এনায়েতপুরে প্রতিষ্ঠিত হয়েছে কাপড়ের বিশাল তিনটি হাট। এর মধ্যে শাহজাদপুরের কাপড়ের হাটটি দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। ছোট ছোট ঘর ও খোলা স্থানের বিক্রেতাসহ প্রায় ১৫ হাজার দোকান, ২৫০টি আড়ত রয়েছে।
তাঁতমালিকেরা জানান, ৬ জানুয়ারি থেকে ২০-দলীয় জোটের অবরোধ আর হরতাল শুরু হওয়ায় কাপড়ের হাট বর্তমানে প্রায় ক্রেতাশূন্য হয়ে পড়েছে। আশপাশের জেলার ব্যবসায়ীরা এলেও দূরের জেলা থেকে কেউ আসছেন না। এ কারণে কাপড় বিক্রি করতে না পাড়ায় তাঁতমালিকেরা পুঁজির অভাবে তাঁত বন্ধ করে দিচ্ছেন। এখন তিন লাখের মধ্যে প্রায় দেড় লাখ তাঁত বন্ধ হয়ে গেছে। এতে দুই লাখ তাঁতশ্রমিক বেকার হয়ে পড়েছেন। আগে তিনটি হাটে আড়াই শ কোটি টাকার কাপড় বিক্রি হতো। এখন কাপড় বিক্রি ২১ কোটি টাকায় নেমে এসেছে।
তাঁতমালিক ও শ্রমিকেরা জানান, শাহজাদপুরে প্রতি বুধ ও রোববার হাট বসে। সিরাজগঞ্জ ছাড়া পাশের পাবনা জেলার কয়েক হাজার তাঁতমালিক এ হাটে শাড়ি ও লুঙ্গি বিক্রি করেন। প্রতি হাটে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ১০ হাজার ক্রেতা আসেন। প্রতি হাট থেকে শতাধিক ট্রাক ও অর্ধশতাধিক মাইক্রোবাসে দেশের বিভিন্ন জেলায় কাপড় সরবরাহ করা হয়। এ ছাড়া প্রতি হাট থেকে ১২-১৫ ট্রাক শাড়ি ও লুঙ্গি ভারতে রপ্তানি করা হয়। আগে এ হাটে শতাধিক কোটি টাকার কাপড় বিক্রি হতো। অবরোধ-হরতালের কারণে এখন বিক্রি ১৫-২০ কোটি টাকায় নেমে এসেছে।
বেলকুচিতে প্রতি সোম ও মঙ্গলবার হাট বসে। প্রতি হাটে আগে ৫০ কোটি টাকার কাপড় বিক্রি হতো। এখন চার-পাঁচ কোটি টাকায় নেমে এসেছে। এনায়েতপুরে প্রতি বৃহস্পতিবার হাট বসে। আগে প্রতি হাটে আট কোটি টাকার কাপড় বিক্রি হতো। এখন তা এক কোটি টাকায় নেমে এসেছে।
তাঁতশ্রমিকদের মধ্যে বেলায়েত হোসেন ও নিজাম উদ্দীন বলেন, চোখের সামনেই দেখছি তাঁতমালিক কাপড় বিক্রি করতে পারছেন না। এ কারণে তাঁরা মজুরিও দিতে পারছেন না। বর্তমানে প্রায় অর্ধেক তাঁত বন্ধ হয়ে গেছে।
শাহজাদপুর পৌর শহরের রামবাড়ি মহল্লার হযরত আলী, প্রাণনাথপুর মহল্লার হোসেন আলী, উল্লাপাড়ার বালসাবাড়ি গ্রামের নূরুল ইসলাম, বেলকুচি উপজেলার মোজাম্মেল হক, এনায়েতপুরের আসলাম আলীসহ কয়েকজন তাঁতমালিক জানান, তাঁদের ১০-১৫টি করে তাঁত ছিল। সবাই ব্যাংক, স্থানীয় সমিতি, বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে তাঁত পরিচালনা করতেন। বেচাকেনা না থাকায় জমানো টাকায় সংসার ও শ্রমিকদের মজুরি দেওয়া হচ্ছিল। এখন সবকিছু ফুরিয়ে যাওয়ায় সব তাঁত বন্ধ করে দেওয়া হয়েছে।
শাহজাদপুরের পৌর শহরের তাঁতমালিক এনামুল আহসান ও আলমাছ আনছারী বলেন, তাঁতশিল্পের সঙ্গে জড়িত প্রায় ২৫ লাখ মানুষ। এঁদের ভরণপোষণ এ ব্যবসার ওপর নির্ভরশীল। অধিকাংশ তাঁতমালিক ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করতেন। এখন কেনাবেচা কমে যাওয়ায় সবাই পথে বসার উপক্রম হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে শাহজাদপুরের একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক বলেন, অবরোধের আগে হাটের দিনে ১০ থেকে ১২ কোটি টাকা লেনদেন হতো। এখন লেনদেন এক থেকে দেড় কোটি টাকায় নেমে এসেছে। বেলকুচি উপজেলার একটি ব্যাংকের ব্যবস্থাপক বলেন, প্রায় ২০ কোটি টাকা তাঁতিদের মধ্যে ঋণ বিতরণ করা আছে। অনেকেই ঋণখেলাপি হয়ে গেছেন। বর্তমান অবস্থায় তাঁদের ঋণও আদায় করা সম্ভব হচ্ছে না। অনেকেই ঋণ শোধ না করে এলাকা থেকে পালিয়ে গেছেন।
বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইলস মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পরিচালক হায়দার আলী জানান, প্রায় অর্ধেক তাঁত বন্ধ হয়ে গেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির তাঁতমালিকেরা মজুত কাপড় বিক্রয় করতে না পারায় বিপদে পড়েছেন। কিছু ধনী তাঁতমালিক কাপড় তৈরির কাজ অব্যাহত রেখেছেন। তাঁরা উৎপাদিত কাপড় মজুত করছেন। অবরোধ-হরতাল বন্ধ না হলে তাঁতশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা নিঃশেষ হয়ে যাবেন।