তাঁতশিল্পের ওপর প্রস্তাবিত মূসক প্রত্যাহারের দাবি
বাজেটে তাঁতশিল্পের ওপর মূল্য সংযোজন কর (মূসক) আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে সিরাজগঞ্জ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ওই দাবি করা হয়। ৩০ জুনের মধ্যে মূসক প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সংগঠনটির নেতারা।
শাহজাদপুর উপজেলা সদরের রূপপুর নতুনপাড়া মহল্লার ‘সাউদিয়া টেক্সটাইল মিল’-এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি হায়দার আলী লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী, উল্লাপাড়া ও কাজিপুর উপজেলার মোট জনগোষ্ঠীর ৭০ শতাংশ তাঁতশিল্পের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। শাহজাদপুরের উৎপাদিত তাঁতবস্ত্র দেশের সিংহভাগ চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি হচ্ছে। বর্তমানে সুতার মূল্যবৃদ্ধি, আধুনিক প্রযুক্তির অভাব, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, মূলধনের স্বল্পতাসহ বহুমুখী সমস্যায় এমনিতেই তাঁতশিল্প বিপর্যস্ত। এরপরও মড়ার উপর খাঁড়ার ঘার মতো এ বিদ্যুচ্চালিত তাঁত (পাওয়ারলুম) শিল্পের ওপর ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে এ অঞ্চলের সব ছোট ছোট তাঁত-কারখানা বন্ধ হয়ে যাবে। ফলে লাখ লাখ তাঁতি ও শ্রমিক নতুন করে বেকার হয়ে পড়বেন। সৃষ্টি হবে শ্রমিক অসন্তোষ। বিদেশি কাপড়ের প্রভাবে তাঁতশিল্প ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে যাবে। তাই এ অর্থবছরে মূসক আরোপ না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুর রউফ, আবদুর রাজ্জাক, নজরুল ইসলাম, আফতাফ উদ্দীন, আজাহার আলী, আবু তালহা, নুরুল ইসলাম, ইউনুস আলী, রহমত উল্লাহ প্রমুখ।