তাঁতশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কয়েক হাজার তাঁতশ্রমিক মজুরি বৃদ্ধিসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে গত শনিবার থেকে কর্মবিরতি পালন করছেন। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার সকালে ধর্মঘটের দ্বিতীয় দিনে তাঁরা সদরের পিপুলবাড়িয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
সমাবেশে সভাপতিত্ব করেন তাঁতশ্রমিক সাইদুল ইসলাম। বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক নবকুমার কর্মকার, তাঁতশ্রমিক ফেডারেশন নেতা মজনু শেখ, শ্রমিকনেতা শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, আশরাফুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের সঙ্গে সংহতি রেখে মজুরি বৃদ্ধির দাবি করা হচ্ছে। এক মাস ধরে একাধিকবার শ্রমিকদের পাঁচ দফা দাবি পূরণের জন্য বলা হলেও মালিকেরা কর্ণপাত করছেন না। বাগবাটি ইউনিয়নের বেজগাতী গ্রামের তাঁতমালিক শুকুর আলী বলেন, উৎপাদন খরচই উঠছে না। এমন অবস্থায় শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা সম্ভব নয়। কেনাবেচার পরিস্থিতি ভালো হলে তখন মজুরি বৃদ্ধির বিষয়টি চিন্তা করা হবে।
বাগবাটি ইউপির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শ্রমিকদের বিষয়টি তাঁতমালিকদের জানানো হবে। তাঁরা এগিয়ে এলে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’