পাবনার বেড়া পৌর এলাকার তাঁতসমৃদ্ধ হাতিগাড়া মহল্লায় কয়েক মাস আগেও পাঁচ শতাধিক তাঁত চলত। হরতাল-অবরোধে এর চার শতাধিকই বন্ধ হয়ে গেছে। ধুকপুক করে যেগুলো চলছে, তা-ও বন্ধ হওয়ার পথে। এসব তাঁতির এখন দিন কাটছে খেয়ে না-খেয়ে।
শহরের তাঁতশ্রমিক আদিল হোসেন বলেন, ‘তাঁতের কাম ছাড়া আর কুনু কিছু জানি না। এই কামে আমাগরে মজুরি দিনে ১৫০ টাকা। কিন্তু অবরোধের কথা কয়া মহাজন সাত দিনের মজুরি বাকি ফালায়ছে। না খায়া থাকুন ছাড়া উপায় কী?’
আদিল যেখানে কাজ করেন, সেই কারখানার মালিক মঞ্জু মিয়া বলেন, ‘হরতাল-অবরোধের জন্যে হাটে কুনু ক্রেতা নাই। কাইলকাও (গত রোববার) হাটে কাপড় নিয়্যা বেচপ্যার পারি নাই। এ অবস্থায় আমারই সংসার চলত্যাছে না। শ্রমিকগরে টাকা দেব কোনথ্যা? কারখানার বারোটা তাঁতের সাতটাই বন্ধ কইর্যা দিছি।’
টানা হরতাল-অবরোধে পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার সব তাঁতির অবস্থাই এখন আদিল বা মঞ্জুর মতো। হরতাল-অবরোধে দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি ক্রেতারা আজকাল আর এ এলাকায় আসতে পারছেন না। এতে বন্ধ হয়ে গেছে তাঁতিদের বিক্রি-বাট্টা। এসব তাঁতি জানান, এক মাসে প্রতি থান (চারটি) লুঙ্গি ও প্রতি জোড়া শাড়িতে দাম কমেছে ২০০ থেকে ৩০০ টাকা। অথচ সুতার দাম রয়ে গেছে আগের মতোই। এতে তাঁতিদের লোকসান চরমে পৌঁছেছে।
উত্তরাঞ্চলের প্রধান কাপড়ের হাট সিরাজগঞ্জের শাহাজাদপুর হাটে গত রোববার গিয়ে ক্রেতাশূন্য দেখা যায়। হাটে লুঙ্গি বিক্রি করতে আসা সাঁথিয়ার ছেঁচানিয়া গ্রামের তাঁতি মোতালেব মিয়া বলেন, ‘এক থান লুঙ্গি বানাতি খরচ ৯৫০ টাকা। এই লুঙ্গি ৮০০ টাকায় নেওয়ারও খরিদ্দার নাই। আমার ছয়টা তাঁতের সবই বন্ধ কইর্যা দিছি।’
বেড়ার বড় তাঁত ব্যবসায়ী আবদুল মতিন ও গোলাম মোস্তাফা জানান, এমনিতেই তাঁতশিল্পের অবস্থা খারাপ। তার ওপর লাগাতার হরতাল-অবরোধে এর দশা আরও নাজুক হয়ে পড়েছে। বেড়া ও পাশের সাঁথিয়া উপজেরায় তাঁদের জানামতে ১০ হাজার তাঁতকল ছিল। কিন্তু গত দুই মাসে মূলত রাজনৈতিক অস্থিরতায় আট হাজার তাঁতই বন্ধ হয়ে গেছে। এ শিল্পের সঙ্গে জড়িতদের এখন পথে বসার দশা। অথচ এ অবস্থা দেখার কেউ নেই বলে আক্ষেপ করেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ তাঁত বোর্ডের সাঁথিয়া বেসিক সেন্টারের ভারপ্রাপ্ত লিয়াজোঁ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বেড়া-সাঁথিয়ার ১০ হাজার তাঁতের ৭০ ভাগই বর্তমান পরিস্থিতিতে বন্ধ রয়েছে। এখানকার তাঁতিদের তাঁত বোর্ড থেকে আগে যে ঋণ দেওয়া হয়েছে, তার বেশির ভাগই এখনো অনাদায়ি। এর পরও তাঁতিদের অসহায়ত্ব বিবেচনা করে নতুন করে ঋণ দেওয়ার চিন্তাভাবনা চলছে।