তাঁতি বাঁচলে বাঁচবে জামদানিশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালকা বাদামি শাড়ির জমিনে ‘শিঙাড়া ফুল’ আর পাড়ে লতানো ‘পুঁই ডগা’র নকশা। পাশে ‘ঝুমকা ফুল’-এ ছাওয়া জমিনে খাঁজকাটা ‘কাঁকই পাড়’-এর শাড়ি। আরেকটিতে ‘সাবুদানা তেছরি’ এবং ‘শিকড় তেছরি’র জমকালো কাজ।
জাতীয় জাদুঘর মিলনায়তনের করিডরে ফ্রেমে বাঁধানো এই শাড়ির টুকরোগুলো জামদানির পুরোনো নকশার নমুনা। কিছু নকশা এখন আর হয় না, আবার কিছু বিকৃত হয়ে গেছে।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গতকাল জামদানির নকশা সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ। ‘জামদানি নকশার সংরক্ষণ’—শিরোনামের সেমিনারে বক্তারা বলেন, জামদানিশিল্প টিকিয়ে রাখতে পুরোনো নকশার সঙ্গে সঙ্গে তাঁতিদের অর্থনৈতিক স্বার্থরক্ষাও সমান গুরুত্বপূর্ণ।
বিকেল তিনটার কিছু পর অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব আকতারী মমতাজ।
অনুষ্ঠানে কারুশিল্প পরিষদ পরিচালিত ‘জামদানির শুদ্ধ ও প্রচলিত নকশার সঠিক সংরক্ষণবিষয়ক প্রকল্প’ নিয়ে প্রবন্ধ উপস্থাপন ও তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘সারা পৃথিবীতেই হাতে চালানো তাঁতশিল্প হুমকির মুখে আছে। আমাদের সম্মিলিত চেষ্টা একে বাঁচাতে পারে।’
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা। সেমিনারে বক্তাদের মধ্যে আরও ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সাবেক সভাপতি শাহিদ হোসেন ও সহসভাপতি রুবি গজনভী।