তাঁতিদের অনেকে এখন রিকশাচালক
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শতভাগ তাঁতসমৃদ্ধ গ্রাম তামাই। এই গ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় শাড়ি কাপড়ের পাশাপাশি প্রচুর লুঙ্গিও সরবরাহ করা হয়। গ্রামটিতে ১০ হাজার পাওয়ার লুম ও ১৫ হাজার হ্যান্ডলুম বা চিত্তরঞ্জন তাঁত রয়েছে। বর্তমানে গ্রামের অর্ধেক তাঁত বন্ধ। সুতা ব্যবসায়ী ও মহাজনদের কাছে ঋণী অনেক তাঁতি এখন বাপ-দাদার আমলের পেশা ছেড়ে মাঠের শ্রমিকের কাজ নিচ্ছেন, কেউ রিকশা চালাচ্ছেন। কিন্তু ঋণের বোঝা তাঁদের ঘাড়ে থেকেই যাচ্ছে। তামাই গ্রামের তাঁতি কবীর, ইব্রাহিম ও ফরমান আলী বলেন, এ অবস্থা চলতে থাকলে আগামী এক মাসের মধ্যে প্রান্তিক তাঁত-মালিকদের সব কটি তাঁত বন্ধ হয়ে যাবে। দেশের অন্যতম কাপড়ের হাট সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত। গত বুধবার ওই কাপড়ের হাটে গিয়ে তাঁত-মালিকদের আর্তনাদ শোনা যায়। সুতার দাম পাল্লা দিয়ে বাড়লেও কাপড়ের দাম বিপরীতমুখী। রয়েছে ভারত থেকে বৈধ-অবৈধ পথে আসা হাজার হাজার শাড়ি। দুই মাস ধরে তাঁতিরা লোকসান দিতে দিতে এখন সর্বস্বান্তপ্রায়। তার ওপর রয়েছে বৈশাখের হালখাতায় সুতার মহাজনের টাকা পরিশোধের চাপ। জেলার প্রায় সাড়ে পাঁচ লাখ তাঁতের মধ্যে দুই লাখ বন্ধ হয়ে গেছে। এর সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকসহ ১৬ লাখ মানুষ এখন বেকার। শাহজাদপুরের নগড়ডালা গ্রামের তাঁত-মালিক আবদুল মজিদ জানান, বৈশাখের ৩ তারিখ সুতার মহাজনের হালখাতা ছিল। আড়াই লাখ টাকা দেনা থাকলেও একটি টাকাও তিনি দিতে পারেননি। ঘরে এমন কিছু নেই, যা বিক্রি করে ঋণ শোধ করতে পারেন। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘পাওনাদারের ভয়ে বাড়ি থেকে অন্য স্থানে আশ্রয় নিয়েছি। ভাবছি, তাঁত বিক্রি করে মহাজনের টাকা শোধ করব।’ সিরাজগঞ্জ সদরের ছাতিয়ানতলী গ্রামের প্রান্তিক তাঁতি সুলতান মাহমুদ বলেন, ‘সুতার দাম গত এক মাসে ৭০ ট্যাহার থ্যাইক্যা ১২০ টাকায় ঠেকছে। বাজারে প্রতি জোড়া কাপড়ের দাম ৫০ ট্যাহা কমছে। সব মিলায়া লোকসান অইতেছে ১০০ ট্যাহা। বন্ধ না কইরা কী করমু!’ শাহজাদপুরের গারাদহ গ্রামের রুহুল আমিনের (৩০) পাঁচটি তাঁত ছিল। দেনা শোধ করতে না পেরে সব কটি তাঁত বন্ধ করে দিয়ে তিনি এখন রিকশা চালান। মরিচা গ্রামের ইসমাইল হোসেন (২৮) ছিলেন তাঁত-শ্রমিক। মাসখানেক আগে মালিক তাঁত বন্ধ করে দেওয়ায় বাধ্য দিয়ে তিনি এখন রিকশা চালাচ্ছেন। বাংলাদেশ হ্যান্ডলুম পাওয়ার লুম ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য আবু আহমেদ জানান, সরকার পোশাকশিল্পে যেভাবে ঋণ দেয়, সেভাবে তাঁতশিল্পে ঋণ দেয় না। সরকারের এমন সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। তাঁতশিল্পে এক থেকে পাঁচ কোটি টাকা ঋণ দেওয়া হলে তিন গুণ শ্রমিকের কর্মসংস্থান সম্ভব। শাহজদাপুর শিল্প ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আবদুল হাকিম অভিযোগের সুরে বলেন, কৃষিতে ভর্তুকি দেওয়া হয়। সারের সরবরাহ কমবেশি হলে সরকার তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়। অথচ তাঁতশিল্পে ভর্তুকি দূরের কথা, উপকরণের দাম বাড়লে সরকার নজর পর্যন্ত দেয় না। তিনি আরও বলেন, এই দুর্যোগের সময় সরকার প্রান্তিক তাঁতিদের স্বল্প সুদে ঋণ দিলে কোনো সমস্যাই থাকত না।জেলা তাঁত শিল্প সমিতির সভাপতি হায়দার আলী জানান, সুতার দামের কারণে তাঁতশিল্পে ধস নেমেছে। বর্তমানে জেলার সাড়ে পাঁচ লাখ তাঁতের মধ্যে দুই লাখই বন্ধ হয়ে গেছে। ভারত থেকে কাপড়ের বদলে সুতা আমদানি করা হলে তাঁতিদের বাজারমূল্য ঠিক থাকবে।