তাঁতীবাজারে দুই ব্যবসায়ী খুনের ঘটনায় আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার তাঁতীবাজারে মাত্র ৩৩ দিনের ব্যবধানে দুজন স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এলাকার সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার নিহত ব্যবসায়ী রাজীব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। কিছুদিনের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে।তাঁতীবাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী নেতা প্রথম আলোকে জানান, গত ২৯ ডিসেম্বর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে আবুল কালাম সন্ত্রাসীদের গুলিতে খুন হন। এরপর গত মঙ্গলবার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে প্রাণ হারান ব্যবসায়ী রাজীব চন্দ্র দাস। তাঁর মতে, তাঁতীবাজার ও আশপাশে কয়েক হাজার স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন। এসব প্রতিষ্ঠানে কর্মচারী রয়েছেন ২০ থেকে ২৫ হাজার। এঁদের সবাই এখন আতঙ্কে ভুগছেন। ব্যবসায়ীরা যাতে শান্তিপূর্ণভাবে নিরাপদে ব্যবসা করতে পারেন, সে জন্য তিনি প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁতীবাজারের একাধিক স্বর্ণ ব্যবসায়ী পুলিশের সোর্স হয়ে কাজ করছেন। ওই সোর্সদের মধ্যে একজনের বাড়ি ফরিদপুরে। তাঁদের তথ্যের ভিত্তিতে পুলিশ অনেক সময় নিরপরাধ ব্যক্তিকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।রাজীব হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সামসুদ্দিন প্রথম আলোকে বলেন, আবুল কালাম হত্যাকাণ্ডে ১ জানুয়ারি নিহত ব্যবসায়ী রাজীব চন্দ্র দাসের জড়িত থাকার প্রমাণ মিলেছে। রাজীব হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনায় সরাসরি জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।