তাঁতীবাজারে স্বর্ণ ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার তাঁতীবাজারে আবার এক স্বর্ণ ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম রাজীব চন্দ্র দাস (২৫)। পুলিশ গতকাল মঙ্গলবার নিজ দোকান থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাঁর ব্যবসায়িক অংশীদার ও খালাতো ভাই লিটন চন্দ্র দাসকে পুলিশ আটক করেছে। পুলিশ বলেছে, ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে রাজীব খুন হয়েছেন।এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর নিজেদের পারিবারিক দোকানে স্বর্ণ ব্যবসায়ী আবুল কালামকে (২৭) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।কোতোয়ালি থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে তাঁতীবাজারের মন্দির মার্কেটের চতুর্থ তলায় রাজীবের দোকানের মেঝে থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মৃতদেহের গলায় ও মুখের বাঁ পাশে রক্তাক্ত জখম ছিল। আটক লিটন চন্দ্র দাস জানান, তিনি ও রাজীব মিলে প্রায় তিন মাস আগে স্বর্ণালংকার তৈরির ওই দোকান নন্দ পালের কাছ থেকে ভাড়া নেন। দোকানে মাঝেমধ্যে নন্দও বসতেন। সোমবার রাত ১২টা পর্যন্ত দোকানে কাজ করে তিনি বাসায় চলে যান। গতকাল সকাল নয়টার দিকে দোকানে এসে তিনি শার্টারের তালা খুলে ভেতরে ঢুকে রাজীবকে মৃত অবস্থায় দেখে চিৎকার করেন। তাঁর চিৎকারে আশপাশের দোকানের লোকজন ছুটে আসে। তিনি বলেন, কারা কী উদ্দেশ্যে খুন করেছে, তা তিনি জানেন না।দুপুরে তাঁতীবাজারের মন্দির মার্কেটে গিয়ে দেখা যায়, রাজীবদের দোকান বন্ধ। পাশের দোকানে কাজে ব্যস্ত কয়েকজন কর্মচারী জানান, সোমবার রাত সাড়ে ১২টা পর্যন্ত কাজ করে তাঁরা দোকানেই ঘুমিয়ে পড়েন। গতকাল সকাল নয়টার দিকে চিৎকার শুনে তাঁদের ঘুম ভাঙে। পাশের দোকানে গিয়ে দেখেন রাজীব মৃত অবস্থায় পড়ে আছেন।স্থানীয় একজন স্বর্ণ ব্যবসায়ী জানান, ওই দোকানে রাজীব ও তাঁর কর্মচারী উত্তম রাতে ঘুমাতেন। উত্তম সোমবার সকালে ছুটি নিয়ে সিলেটে গেছেন।নিহত রাজীব চন্দ্র দাসের বাবার নাম নিমাই চন্দ্র দাস। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার কসেড্ডা গ্রামে। রাজীব একসময় ওই মার্কেটের নিচতলার একটি দোকানে কাজ করতেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান জানান, রাজীব হত্যার ঘটনায় তাঁর চাচা নিতাই চন্দ্র দাস বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার সালাউদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, ব্যবসায়িক বিরোধের জের ধরে রাজীব খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত সন্দেহে লিটনকে আটক করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ওই মার্কেটের প্রহরী মাসুদ, রাজীবের পাশের দোকানের ব্যবসায়ী আনন্দ ও রিপন কুমারকে থানায় নেওয়া হয়েছে।