তাঁতে প্রাণ ফিরলেও অনেক তাঁতির ফেরার উপায় নেই
অবশেষে পাবনার তাঁতশিল্পে সুদিনের দেখা মিলেছে। সুতার দাম কমায় এবং শাড়ি-লুঙ্গির চাহিদা ও দাম বাড়ায় শেষ পর্যন্ত তাঁতিরা এখন লাভের মুখ দেখছেন। ঈদ সামনে রেখে বেড়া ও সাঁথিয়া উপজেলার তাঁতপল্লিগুলোতে দীর্ঘদিন পর দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। তবে এই প্রাণচাঞ্চল্যে সব তাঁতি শামিল হতে পারছেন না। তাঁতশিল্পের চরম দুরবস্থার মধ্যে যেসব তাঁতি অন্য পেশায় চলে যেতে বাধ্য হয়েছেন অথবা যেসব তাঁতি দেনার দায়ে তাঁতগুলো বিক্রি করতে বাধ্য হয়েছেন, তাঁদের এখন দীর্ঘশ্বাস ফেলা ছাড়া উপায় নেই।খোঁজ নিয়ে জানা যায়, বছর দশেক আগেও বেড়া ও সাঁথিয়া উপজেলায় অন্তত ২৫ হাজার তাঁত চালু ছিল। কয়েক বছর ধরে সুতাসহ বিভিন্ন তাঁতসামগ্রীর দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় চরম বিপর্যয়ে পড়ে তাঁতশিল্প। ক্রমাগত লোকসানের মুখে কয়েক বছরে দুই উপজেলার ৯০ ভাগের বেশি তাঁত বন্ধ হয়ে যায়। দেনার দায়ে অনেক তাঁতিই কারখানার সব তাঁত এমনকি তাঁতঘর পর্যন্ত পানির দরে বিক্রি করে দেন। অনেক এলাকাতেই তাঁত কারখানার ঘরগুলোকে পরিণত করা হয় মুরগির খামারে। কিন্তু বিপর্যন্ত তাঁতশিল্পে শেষ পর্যন্ত সুদিন ফিরেছে। তাঁতিরা জানান, মূলত দুটি কারণে তাঁতশিল্প আবারও প্রাণ ফিরে পেয়েছে। এর একটি হলো গত তিন মাসে সুতার দাম প্রায় ৩০ ভাগ কমেছে। আর অন্য কারণটি হলো, ঈদ সামনে রেখে কাপড়ের চাহিদা ব্যাপক বেড়েছে। চাহিদা বাড়ায় শাড়ি-লুঙ্গির দামও বেশ বেড়েছে।বেড়া বাজারের কাপড় ব্যবসায়ী ও একটি তাঁত কারখানার মালিক গিয়াস উদ্দিন বলছিলেন, মাস তিনেক আগে মাঝারি মানের প্রতি ডোপ (৯ বান্ডিল) সুতার দাম ছিল ২৫ হাজার টাকা। এখন সেই সুতার দাম ১৮ হাজার টাকায় নেমে এসেছে। এ ছাড়া মাস তিনেক আগে মাঝারি মানের যেসব লুঙ্গি ৬৬০ টাকা থান (চারটি) হিসাবে বিক্রি হতো, এখন সেসবের দাম বেড়ে ৯০০ টাকা হয়েছে। ২১ আগস্ট বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার হাফিজুর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর ভাঙাচোরা তাঁতঘরে নয়টি তাঁত অযত্নে পড়ে আছে। বছর খানেক হলো তিনি সব তাঁত বন্ধ করে বাড়ির পাশে ছোট একটি মুদি দোকান দিয়েছেন। হাফিজুর বলেন, ‘তাঁত চালাব্যার যায়া মহাজনের কাছে দেড় লাখ টাকা দেনা হওয়ার পর বাধ্য হয়া তাঁতগুল্যা বন্ধ কইর্যা দিছি। এখন শুনত্যাছি তাঁতে নাকি আবারও ভালো লাভ হত্যাছে। একেকটা তাঁত চালু করব্যার গেলি কমপক্ষে ২০ হাজার টাকা কইর্যা দরকার। এত টাকা পাবো কনে?’সাঁথিয়া উপজেলার তাঁতসমৃদ্ধ ছেঁচানিয়া গ্রামে ঢুকতে গিয়ে দূর থেকেই শোনা যায় তাঁত বোনার শব্দ। গ্রামের তাঁতি রুবেল, আনিসুর, সুমনসহ অনেকেই জানান, এক সময় এ গ্রামে পাঁচ হাজার তাঁত চালু ছিল। লোকসানের মুখে মাস ছয়েক আগে তাঁতের সংখ্যা এসে দাঁড়িয়েছিল প্রায় পাঁচ শতে। তবে বন্ধ তাঁতগুলো আবার চালু হতে শুরু করেছে। এখন ঈদ সামনে রেখে দুই থেকে আড়াই হাজার তাঁত চালু হয়েছে বলে তাঁতিরা জানান।গ্রামের তাঁতি সজীব আহমেদ জানান, মাস ছয়েক আগে তিনি তাঁর আটটি তাঁতের সবগুলোই বন্ধ করে দিয়েছিলেন। এখন একে একে ছয়টি আবার চালু করেছেন। আরেক তাঁতি সুলতান হোসেন জানান, লোকসানের মুখে গত বছর তিনি নয়টি তাঁতের মধ্যে সাতটিই পানির দরে বিক্রি করে দেন। তাঁতঘরে গড়ে তোলেন মুরগির খামার। সুলতান বলেন, ‘আমার মতো আরও ম্যালা তাঁতি লোকসানের মুখে তাঁত বেইচ্যা দিতি বাধ্য হইছে। এখন আমাগরে তাঁতের পেশায় ফেরার কুনু উপায় নাই।’