তাঁদের ঈদ কাটে কষ্টে, প্রতীক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক প্রবীণ
এক প্রবীণ

এই তো সেদিন! ঈদ এলে দম ফেলার ফুরসত পেতেন না মীরা চৌধুরী। রান্নাবান্না, পরিবারের সবার জন্য কেনাকাটা, বেড়ানো—কত কাজে ব্যস্ত থাকতে হতো তাঁকে। এখন তাঁর অখণ্ড অবসর। জীবনের রূপ, রং, রস, গন্ধ ফিকে হয়ে এসেছে। এখন ঈদ মানে প্রতীক্ষা, আশঙ্কা আর কষ্ট। মীরা চৌধুরী এখন আগারগাঁওয়ের প্রবীণ নিবাসে।
প্রবীণ নিবাসে ঈদের প্রস্তুতি কী, জানতে মীরা চৌধুরীর মতো বেশ কয়েকজনের সঙ্গে কথা হয় গত রোববার। ঈদ আসতে তো দেরি নেই, পাঞ্জাবি কিনেছেন—এমন প্রশ্নের জবাবে এক বৃদ্ধ বিছানায় আধশোয়া অবস্থা থেকে বসে পড়েন। রাজ্যের বিরক্তি নিয়ে বলেন, ‘আমার আবার ঈদ আছে নাকি? আমি এতিম, এতিমখানায় আছি। এখানে ঈদ বলে কিছু নেই।’
কেউ কেউ বলেছেন, ঈদ বলে কিছু নেই। ঈদের কেনাকাটা বলেও কিছু নেই। কোরআন শরিফ পড়ছিলেন এক নারী। তিনি সরাসরি জানিয়ে দেন, নিজের জীবনের কথা তিনি বলতে চান না।
তাঁদের অনেকের রাগ প্রবীণ নিবাস কর্তৃপক্ষের ওপর। তাঁরা জানান, ঈদের দিন কর্তৃপক্ষ পোলাওসহ একটু ভালো খাবারের আয়োজন করে তারা। কিন্তু বছরের একদিন একটু ভালো খাবার দিয়ে তা গণমাধ্যমে প্রচারের জন্য কর্তৃপক্ষ হন্যে হয়ে পড়ে। তাঁদের এসব ভালো লাগে না। ভালো খাবারেও কোনো আনন্দ খুঁজে পান না তাঁরা।

আলাপের শুরুতে প্রবীণ নিবাসের বাসিন্দারা কথাই বলতে চাননি। একসময় পরিবেশ কিছুটা অনুকূলে আসে। মুখে তাঁরা যতই বলুন না কেন, কারও জন্য অপেক্ষা করেন না, আদতে বিষয়টা এমন নয়। যে বৃদ্ধ নিজেকে এতিম বলেছেন, বলেছিলেন তিনি কাউকে ‘কেয়ার’ করেন না, তিনিই জানান স্বজনদের জন্য তাঁর মন কাঁদে। তিনি বলেন, স্ত্রী মারা গেছেন বহু দিন আগে। একমাত্র মেয়ে দেশের বাইরে থাকেন। সাত বছরের বেশি সময় ধরে মেয়ে দেশে আসেন না। ছয় ও দুই বছর বয়সী দুই নাতি আছে। এখন পর্যন্ত তাদের চোখে দেখেননি। ছুঁয়ে দেখতে মন চায়, কাছে পান না।

মীরা চৌধুরীর স্বামী ঈদে শাড়ি কিনে দিতেন, একমাত্র ছেলেটি সঙ্গে ছিলেন। এখন স্বামী নেই, ছেলে বিদেশে। বোনের ছেলেমেয়েরা ভরসা। বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশন এবং বাংলাদেশ বিমানের সাবেক এক কর্মকর্তার স্বামী ২০ বছর আগে মারা গেছেন। একটি ছেলে ছিল, সে-ও মারা গেছে ১৭ বছর আগে। এখন দুই মেয়ে আছেন, নাতি-পুতিও আছে। আশায় বুক বেঁধেছেন তিনি, গত এক বছরে একটিবারের জন্যও কেউ আসেননি, এবার হয়তো আসবেন।

সব মিলিয়ে ঈদের রূপ এখানে অন্যরকম। বছরের বাকি দিনগুলোর সঙ্গে মানিয়ে নিতে পারলেও এই একটি দিন প্রবীণ নিবাসের বাসিন্দাদের কাছে দুর্বিষহ। কেউ সকাল থেকে স্বজনের অপেক্ষায় থেকে একরাশ কষ্ট বুকে নিয়ে রাতভর বিছানায় এপাশ-ওপাশ করেন। যাঁর স্বজন আসেন, তিনি আবার আরেকটি ঈদের অপেক্ষায় ক্ষণ গোনেন।