তাঁদের ঘুমের বড়ি খাওয়ানো হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার আগে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানকে ঘুমের বাড়ি খাওয়ানো হয়েছিল। তাঁদের লাশের ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর তদন্ত-সংশ্লিষ্ট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিষয়টি নিশ্চিত হয়েছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার জুয়েল রানা গতকাল প্রথম আলোকে বলেন, মাহফুজ ও স্বপ্না রহমানের ভিসেরা প্রতিবেদন তাঁদের হাতে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁদের পাকস্থলীতে ঘুমের বড়ির উপাদান ছিল। মেয়ে ঐশী রহমান আদালতে জবানবন্দিতে বলেছিলেন, ছুরিকাঘাতে হত্যা করার আগে মা-বাবাকে কফির সঙ্গে ৬০টি ঘুমের ওষুধ গুলে খাওয়ানো হয়েছিল।
মা-বাবাকে হত্যার পর ঐশী তাঁর পরনের কাপড়চোপড় পাল্টিয়েছিলেন। এতে লেগে থাকা রক্ত, ঐশীর কাছ থেকে উদ্ধার হওয়া তাঁর মায়ের গয়নায় লাগা রক্তসহ বিভিন্ন বস্তু পরীক্ষা-নিরীক্ষার জন্য এর আগে ডিবি পুলিশ ঢাকা মেডিকেল কলেজে স্থাপিত জাতীয় ডিএনএ প্রোফাইলিং পরীক্ষাগারে পাঠায়। সেখান থেকে পাঠানো প্রতিবেদনে হত্যাকাণ্ডে ঐশীর সম্পৃক্ততা পাওয়া গেছে।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে ঐশী রহমান তাঁর মা-বাবাকে কফির সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে ছুরিকাঘাতে হত্যা করেন। এতে বিভিন্নভাবে সহায়তা করেন ঐশীর বন্ধু জনি ও রনি। তবে এর সঙ্গে গৃহকর্মী সুমির সম্পৃক্ততা পাওয়া যায়নি। ঐশীর দুই বন্ধু বর্তমানে কারাগারে এবং গৃহকর্মী সুমি গাজীপুরের কাশিমপুরের কিশোর সংশোধনাগারে আছেন। সেখান থেকে গৃহকর্মী সুমিকে আইনি পদ্ধতিতে মুক্ত করার বিষয়ে একটি মানবাধিকার সংস্থা কাজ করছে।
গত ১৪ আগস্ট রাজধানীর শান্তিনগর-সংলগ্ন চামেলীবাগের নিজ বাসা থেকে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান এবং তাঁর স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।