তাঁদের চোখেমুখে এখন উচ্চস্বপ্ন
তাঁরা ৫০ জন। তাঁদের চোখেমুখে এখন উঁকি দিচ্ছে উচ্চস্বপ্ন। এই স্বপ্ন নিয়েই বেরিয়ে গেছেন তাঁরা। রংপুরের বদরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের পক্ষ থেকে গত বুধবার আনুষ্ঠানিকভাবে তাঁদের বিদায় জানানো হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ওই সংগঠন সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ গরিব মেধাবী শিক্ষার্থীরা অর্থসংকট, যথাযথ দিকনির্দেশনা ও প্রস্তুতির অভাবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হতে পারেন না। এ ছাড়া গ্রামগঞ্জের নারী শিক্ষার্থীদের বাইরে থাকার সংকট ও নিরাপত্তাহীনতার ভয়ে অনেক অভিভাবক কোচিং সেন্টারগুলোতে তাঁদের ভর্তি করাতে চান না। এ কারণে অনেক শিক্ষার্থী দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হন। বদরগঞ্জের তৃণমূল পর্যায় থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া এমন ৯৯ জন শিক্ষার্থীকে আলোর মিছিলের কর্মীরা খুঁজে বের করেন এবং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির উপযোগী করে গড়ে তোলার দায়িত্ব নেন। এ লক্ষ্যে সংগঠনটি বদরগঞ্জ পৌর শহরের কথাকলি সড়কের পাশে একটি বাসা ভাড়া নেয়। সেখানে গত ২৫ জুন থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় তিন মাসব্যাপী বিনা মূল্যে এ গরিব মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নেন ওই সংগঠনের সদস্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত ছাত্ররা। কিন্তু এইচএসসির ফলাফল প্রকাশের পর ৪৯ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শেষ পর্যন্ত ৫০ জন শিক্ষার্থী ওই ভর্তি প্রস্তুতিমূলক ক্লাসে টিকে থাকেন। ওই শিক্ষার্থীদের গত বুধবার বদরগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে আলোর মিছিলের পক্ষ থেকে বিদায় জানানোর পাশাপাশি শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আফজাল হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম রছুল, বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ডি শামসুল হক, আলোর মিছিলের উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসিন, নির্বাহী পরিচালক নাজমুল হাসান, সেলিম সরকার, বদরগঞ্জ নাগরিক পরিষদের সভাপতি আশরাফুল আলম, আবু সুফিয়ান ও খালিদ আস সাবা।
ভর্তি প্রস্তুতিমূলক ক্লাসে অংশ নেওয়া শিক্ষার্থী মৌসুমী আখতার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভাইয়ারা আন্তরিকভাবে নিয়মিত ক্লাস নিয়ে আমাদের ভর্তি-উপযোগী করে গড়েছেন। আশা ও বিশ্বাস করি, দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবই ইনশা আল্লাহ।’ অনেকটা একই আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন শিক্ষার্থী আকতারা খাতুন, সীমা আখতার, জান্নাত কাওনাইনসহ অনেকে।
নাজমুল হাসান বলেন, ‘আলোর মিছিল স্থানীয় একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন সামাজিক কাজের অংশ হিসেবে গত বছর থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি-উপযোগী করে গড়ে তুলতে গরিব শিক্ষার্থীদের বিনা মূল্যে যথাযথ দিকনির্দেশনাসহ পাঠদান করানো হচ্ছে। গত বছর ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৩ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। সংগঠনের সদস্যরা নিজেরাই চাঁদা দিয়ে সংগঠনটি পরিচালনা করছেন। বাইরের কারও কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হয় না।’