তাঁদের জন্য এত নিরাপত্তা আমাদের জন্য কই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক
অবরোধে মানুষ যখন আগুনে পুড়ে, তখন খুব কষ্ট লাগে। মানুষ রাজনীতিবিদদের হাত থেকে বাঁচতে চায়। তাঁদের জন্য এত নিরাপত্তা, আমাদের জন্য কই? ‘শান্তির জন্য হোক প্রতিবাদ’—এ স্লোগান নিয়ে পেট্রলবোমা ও আগুনে মানুষ পোড়ানোর প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মী ও রাজনীতিবিদেরা এভাবে নিজেদের ক্ষোভের কথা জানান।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মৌন পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে যান পেশাজীবীরা। সেখানে ১০ মিনিট নীরবতা পালন শেষে ব্যক্তিগতভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিশিষ্ট কয়েকজন পেশাজীবী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন বলেন, সহিংসতা কমাতে সরকারকে সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে। প্রয়োজনে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা উচিত।
অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘দেশে যে অবস্থা চলছে, তা চলতে দেওয়া যায় না। মানুষ যখন আগুনে পোড়ে তখন আমাদের খুব কষ্ট লাগে। ম্যাচের কাঠির আগুন হঠাৎ আঙুলের মাথায় লাগলে কী কষ্ট হয়! আর সারা শরীর পুড়ে গেলে কত কষ্ট হতে পারে? একজন মানুষের নিরাপত্তায় যদি এত গাড়ি, ইট-বালুর গাড়ি রাখা হয়, তাহলে আমাদের এই বিরাট জনগোষ্ঠীর নিরাপত্তায় কী ব্যবস্থা নেওয়া হলো? আমাদের নির্বিঘ্নে, নিশ্চিন্তে চলার অধিকার দিতে হবে। সহিংসতা বন্ধ করতে হবে। সহিংসতা বন্ধে দুই নেত্রীর সমঝোতা প্রয়োজন।’
অভিনেত্রী ডলি জহুর বলেন, ‘রাজনীতিবিদদের জন্য আমাদের এই কষ্ট। রাজনীতিবিদদের বর্তমান অবস্থানের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। দুই নেত্রীকে সমঝোতায় আসতে হবে। সমঝোতায় না এলে তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ বলেন, ‘যেভাবে আমার হাত পুড়ে দেয়, সেভাবে তাদের হাত পুড়ে দেওয়া উচিত।’
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে মৌন মিছিল নিয়ে যান পেশাজীবীরা। এ সময় ‘মানুষ মেরে লাভ কার, সীমাহীন ধিক্কার’, ‘পুড়ছে মানুষ জ্বলছে দেশ, জাগুক বিবেক কাঁদছে দেশ’, ‘আমার স্বজন কেন পুড়ে কয়লা হবে?’ প্রভৃতি স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে তাঁরা জড়ো হন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সাংবাদিক আবেদ খান, নঈম নিজাম, অভিনেতা ইনামুল হক, এ টি এম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, হাসান মাসুদ, সাবেক ক্রিকেটার আকরাম খান, নাইমুর রহমান, খালেদ মাহমুদ, নাট্যকার মোহন খান, অভিনেত্রী ডলি জহুর, তারানা হালিম, মুনিরা ইউসুফ মেমী, সাবেরী আলম, আজাদ আবুল কালাম, চিত্রনায়িকা নিপুণ প্রমুখ।
পরে সহিংসতার বিরুদ্ধে মৌন মিছিল করে সেক্টর কমান্ডারস ফোরাম, ন্যাপ-ভাসানী, প্রাণের ’৭১ জয়বাংলা চেতনা পরিষদ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শহীদ মিনারে মৌন অবস্থান করে। সহিংসতার বিরুদ্ধে শহীদ মিনারে গণজাগরণ মঞ্চও (একাংশ) প্রতিবাদী কার্টুন, গণস্বাক্ষর কার্যক্রম পরিচালনা করে।