তাঁদের দেখানো পথেই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত তৈরি করে তা আন্দোলনে রূপ দিয়েছিলেন জননী সাহসিকা সুফিয়া কামাল। আর সেই আন্দোলনকে গণ-আদালতের মাধ্যমে প্রতিষ্ঠা দিয়েছিলেন শহীদজননী জাহানারা ইমাম। এই দুজনের দেখানো পথেই দেশে আজ যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে।
আজ শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সুফিয়া কামাল ও জাহানারা ইমাম স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘আজকে আমাদের সবকিছু কেমন যেন থিতিয়ে পড়েছে। এই সময়ে সুফিয়া কামাল ও জাহানারা ইমামের মতো নেতৃত্ব দরকার। যাঁরা টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে বেড়িয়ে দেশের অসমাপ্ত কাজ শেষ করার জন্য জনগণকে উজ্জীবিত করবেন।’
যুদ্ধাপরাধীদের বিচারে গণ-আদালত আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে কামাল লোহানী বলেন, এই আন্দোলন গড়ে ওঠার সময়ে সংগঠকেরা নেতৃত্ব নেওয়ার আহ্বান জানিয়ে প্রথমে সুফিয়া কামালের কাছে যান। সুফিয়া কামাল আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য জাহানারা ইমামের নাম প্রস্তাব করেন। শরীরে ক্যানসারের জীবাণু নিয়েও জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত গড়তে সারা দেশ চষে বেড়িয়েছেন।
আলোচনায় কবি ও স্থপতি রবিউল হুসাইন দেশের প্রগতিশীল বিভিন্ন আন্দোলনে সুফিয়া কামাল ও জাহানারা ইমামের অবদানের কথা তুলে ধরেন। ছায়ানট, মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে শুরু করে অনেক জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এই দুই মহীয়সী নারী কাজ করেছেন।
অনুষ্ঠানে জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ থেকে আবৃত্তি করে শোনান আবৃত্তিশিল্পী মাহমুদা সিদ্দিক। এ ছাড়া দেশাত্মবোধক গান পরিবেশন করে শিশু-কিশোরেরা।