
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের প্রবেশপথে গতকাল বুধবার দুপুরে দেখা গেল সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছেন হাজারো রোহিঙ্গা। এক বৃদ্ধ রোহিঙ্গা লাইনের মাঝখানে দাঁড়িয়ে তাঁর ‘পরিচয়পত্র’ দেখাচ্ছেন। এই কার্ড দিয়ে কী কী সুবিধা পাওয়া যাবে, সে কথা জানাচ্ছেন অন্যদের।
ওই ব্যক্তির নাম শহীদ হোসেন। তাঁর পরিচয়পত্রের সব তথ্য ইংরেজিতে লেখা। এতে তাঁর নিজের নাম ও বয়স, বাবা-মায়ের নাম রয়েছে। তাঁর জন্মতারিখের ঘরটি খালি। ধর্ম ইসলাম। জন্মস্থান মিয়ানমার। দেশের নাম মিয়ানমার, জাতীয়তার ঘরে লেখা রোহিঙ্গা। তথ্য সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর-২০১৭। পরিচয়পত্রের ওপরে ইংরেজিতে লেখা ‘রোহিঙ্গা পিপল রেজিস্ট্রেশন’। এতে তাঁর ছবি ও আঙুলের ছাপ রয়েছে। সাদা কাগজে লেমিনেটিং করা পরিচয়পত্রটি।
তবে জাতীয়তার স্থলে ‘মিয়ানমার’ না লিখে ‘রোহিঙ্গা’ লিপিবদ্ধ করায় শহীদ হোসেনসহ আরও কয়েকজন প্রশ্ন তোলেন।
কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের পুরুষ লাইনের পাশের একটি খোলা জায়গায় বসে ছিলেন কয়েক শ রোহিঙ্গা নারী। তাঁরা সবাই এসেছেন নিবন্ধনের জন্য। একটি টিনের ঘরে ২০টি কম্পিউটারে চলছে নিবন্ধনের কাজ। পাসপোর্ট অধিদপ্তর ও বহিরাগমন বিভাগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মীরা নিবন্ধনের কাজ করছেন। একজন রোহিঙ্গার নাম-ঠিকানা, ছবি ও আঙুলের ছাপ নিবন্ধন করতে সময় লাগছে ১৫-২০ মিনিট। কয়েকজন কর্মী বলেন, লোডশেডিং কাজে কিছুটা ব্যাঘাত ঘটাচ্ছে।
নিবন্ধন কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা রোহিঙ্গা নারী মদিনা খাতুন বলেন, তিনি সকাল ১০টা থেকে লাইনে দাঁড়িয়েছেন। তখন দুপুর ১২টা।
আরেক রোহিঙ্গা আলী জোহার (৫০) বলেন, ‘১৯৯১ সাল থেকে কয়েক লাখ রোহিঙ্গা এখানে বসতি করছে। কারও পরিচয়পত্র ছিল না। পরিচয়পত্র পেলে রোহিঙ্গারা স্বাধীনভাবে বসবাসের সুযোগ পাবে। মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিক বলে স্বীকার করছে না। এই পরিচয়পত্র সে ক্ষেত্রে ভূমিকা রাখবে।’
পরিচয়পত্র পেতে উৎসাহী রোহিঙ্গারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে নিবন্ধনের জন্য অপেক্ষা করেন বলে নিবন্ধনের কাজে যুক্ত কর্মীরা বলেন।
গতকাল সন্ধ্যা পর্যন্ত দুই শতাধিক রোহিঙ্গার নিবন্ধন হয়েছে। আগের দিন মঙ্গলবার নিবন্ধিত হয়েছেন ১৭২ জন। সোমবার রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে একজন রোহিঙ্গা নারীকে দিয়েই এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ওইদিন নিবন্ধিত হন ১২ রোহিঙ্গা।
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো, অপরাধ দমন ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের কর্মসূচি তদারক করছে কক্সবাজার জেলা প্রশাসন। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে উখিয়ার কুতুপালং ও বালুখালী এবং টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে আটটি পৃথক বুথে রোহিঙ্গাদের নিবন্ধন শুরু হবে। ইতিমধ্যে চার লাখের মতো রোহিঙ্গা ঢুকেছে। আগে থেকে আছে আরও চার লাখ রোহিঙ্গা। সবাইকে এই নিবন্ধনের আওতায় আনা হবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈন উদ্দিন বলেন, নিবন্ধনের আওতায় আসা রোহিঙ্গাদের বালুখালী রোহিঙ্গা শিবিরে রাখা হবে। ওই শিবিরের জন্য ইতিমধ্যে দুই হাজার একর জায়গা চিহ্নিত করা হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন বলেন, ‘নিবন্ধনের আওতার বাইরে থাকা রোহিঙ্গারা সরকারি-বেসরকারি ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হবে।’