তাঁদের নজর বস্তিতে
নির্বাচন যত ঘনিয়ে আসছে বগুড়ার সান্তাহার পৌরসভায় প্রার্থীদের প্রচারণা ততই বাড়ছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীসহ তাঁদের সমর্থকেরা দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। শহর ও গ্রাম এলাকার পাশাপাশি প্রার্থীরা প্রচারণায় জোর দিচ্ছেন বস্তির ভোটারদের প্রতি।
সান্তাহার শহরে রেলওয়ে জংশন থাকায় এখানে কয়েকটি বস্তি রয়েছে। এসব বস্তির ভোটারসংখ্যা মোট ভোটারের প্রায় এক-চতুর্থাংশ। সান্তাহার শহরের ৫ নম্বর ওয়ার্ডে রয়েছে সবচেয়ে বড় বসুন্ধরা বস্তি। এ ছাড়া রয়েছে পূর্ব ও পশ্চিম লোকো কলোনি বস্তি, চা-বাগান বস্তি, ড্রাইভার কলোনি বস্তি।
বসুন্ধরা বস্তির বাসিন্দা আজাদ হোসেন বলেন, গত পাঁচ বছরে যাঁদের একবারও এলাকায় দেখা যায়নি, তাঁরা এখন দিনরাত বস্তিতে ছুটে আসছেন। আরেক বাসিন্দা রহিমা বেগম বলেন, প্রার্থীদের আনাগোনায় রাতের ঘুম হারাম হয়ে গেছে। শীতের রাতে প্রার্থীদের ডাকাডাকিতে একাধিকবার ঘুম থেকে উঠতে হচ্ছে। প্রার্থীদের সঙ্গে কথাবার্তা বলতে হচ্ছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিআরএম শাহাজাহান বলেন, ‘দুইবার
আমি এই বস্তি এলাকার কাউন্সিলর ছিলাম। বস্তিবাসীর সুবিধার জন্য পাকা রাস্তা করে দিয়েছি। আমার সময়ে বস্তিতে বিদ্যুৎ এসেছে।’
পূর্ব লোকো কলোনি বস্তির বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘ভোট এলে প্রার্থীরা অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট চলে গেলে কেউ আমাদের খোঁজ রাখেন না।’ তিনি বলেন, বস্তি এলাকায় ভালো রাস্তা নেই। বর্ষা এলে এলাকায় চলাচল করা কঠিন হয়ে পড়ে।’ ওই এলাকার কাউন্সিলর প্রার্থী আতাউর রহমান বলেন, আগে তিনি ওই এলাকার কাউন্সিলর ছিলেন। তখন বস্তির জন্য অনেক কাজ করেছেন। গতবার কাউন্সিলর না হওয়ায় বস্তিতে কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন, ‘এবার নির্বাচিত হলে বস্তিবাসীর সমস্যা সমাধানের চেষ্টা করব।’ চা-বাগান বস্তির মনোয়ারা বেগম বলেন, প্রার্থীরা যত প্রতিশ্রুতিই দিক না কেন, আমরা দেখেশুনে যোগ্য প্রার্থীকে ভোট দেব।’