তাঁদের ভয় কাটছে না

হাসপাতালের বিছানায় ব্যথায় কাতর মনোজ সোমবার রীমা কনভেনশন সেন্টারের বিভীষিকাময় মুহূর্তগুলো ভুলতে পারছেন না। মনোজ বড়ুয়ার চোখে-মুখে এখনো আতঙ্ক। জীবনশঙ্কা হয়তো আর নেই তাঁর। কিন্তু পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুর খবরটির কথা মনে পড়লেই তিনি শিউরে ওঠেন। ওই তালিকায় নিজেও থাকতে পারতেন, এমনটি ভাবতেই দুচোখ দিয়ে কান্না ঝরল মনোজ বড়ুয়ার।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে মনোজ চিকিৎসাধীন আছেন। এই ওয়ার্ডে গতকাল দুপুর পর্যন্ত ছয়জন চিকিৎসা নিচ্ছিলেন। পুরো হাসপাতালে রয়েছে ১২ জন। তাঁর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ওই তিনজন নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন। এ ছাড়া নগরের ম্যাক্স হাসপাতালে আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।
মনোজ বড়ুয়া ভয়ার্ত কণ্ঠে ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ‘আমার বাবা মুক্তিযোদ্ধা। এ বি এম মহিউদ্দিন চৌধুরীর প্রতি ভালোবাসা থেকেই গিয়েছিলাম। প্রথমে কাজীর দেউড়ির ভিআইপি ব্যাংকুয়েট, পরে লাভ লেনের স্মরণিকা ক্লাবে যাই।’
মনোজ আরও বলেন, ‘পরে রীমাতে যাই। সেখানে হঠাৎ করে পুরো ফটক খুলে দিলে হুড়মুড় করে ঢুকতে থাকে সবাই। এর মধ্যে একজন পড়ে যায় ঢালুর মধ্যে। পরে তার ওপর গিয়ে আরও কয়েকজন পড়ে। একপর্যায়ে আমিও পড়ে যাই। এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে লোকজন। পরে যখন শুনলাম ১০ জন মারা গেছে, তখন বুকটা মোচড় দিয়ে উঠল।’
মনোজের পাশের শয্যায় ছিলেন আশীষ বড়ুয়া (৫০)। তিনি বুকে বেশি ব্যথা পেয়েছেন। বুকের হাড় ভেঙে গেছে তাঁর। আশীষ নির্বাক তাকিয়ে রয়েছেন। পাশে তাঁর শুশ্রূষা করছিলেন স্ত্রী বীথি বড়ুয়া। বীথি বললেন, খুব ভয় পেয়েছেন তিনি। সারা শরীর জুড়ে আঘাত।
একই ওয়ার্ডে চিকিৎসাধীন মো. হারুনও বুকে ব্যথা পান। তিনি মোটামুটি সুস্থ এখন। হারুন বলেন, কী একটা সময় পার করেছি ওই সময় সেটা বলে বোঝাতে পারব না।
ক্যাজুয়ালটি ওয়ার্ডের ছয়জনই আশঙ্কামুক্ত বলে জানালেন ওয়ার্ডের সহকারী অধ্যাপক ঋভুরাজ চক্রবর্তী।
চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সেখানে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্পণ বিশ্বাস (২২), পোশাকশ্রমিক সুনীল দেবনাথ (৩৫) ও প্রিয়জিৎ বরণ বৈদ্য (৪৬)।
আইসিইউ-এর বাইরে অপেক্ষা করছিলেন তাঁদের স্বজনেরা। সুনীলের স্ত্রী বাসন্তী দেবনাথ বলেন, জুবিলি রোডে একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি।
অর্পণের সঙ্গে গিয়েছিলেন কয়েকজন সহপাঠীও। এর মধ্যে তাঁদের বন্ধু দীপঙ্কর ঘটনাস্থলেই প্রাণ হারান। গতকাল অর্পণকে দেখতে হাসপাতালে যান তাঁর বন্ধুরা। তাঁদের দুজন বলেন, ‘অর্পণ ও দীপঙ্করের সঙ্গে আমরাও গিয়েছি সেখানে। মহিউদ্দিন চৌধুরীর প্রতি ভালোবাসা থেকেই সেখানে গিয়েছি। কিন্তু ফটক খুলে দেওয়ার পর হঠাৎ করে এ ঘটনা ঘটে। পর্যাপ্ত পুলিশ সেখানে ছিল না তখন।’