তাঁদের মধ্য থেকে বেছে নিতে হবে জনপ্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান দুই মেয়র প্রার্থী ‘বিতর্কিত’। একজন পরিচিত ‘ভূমিদস্যু’ হিসেবে, আরেকজনের পরিচয় ‘জমির দালাল’। ৩৯ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৩০ জনের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত। তাঁদের মধ্য থেকেই প্রথমবারের মতো জনপ্রতিনিধি বেছে নিতে হবে পটুয়াখালীর কুয়াকাটা পৌরবাসীকে।
সরেজমিনে স্থানীয় অর্ধশতাধিক মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যটনকেন্দ্র কুয়াকাটা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল বারেক মোল্লার বিরুদ্ধে এলাকার খাসজমি ও রাখাইনদের জমি দখল, জমির দালালি, পাওনা টাকা পরিশোধ না করাসহ নানা অভিযোগ রয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে তিনি এলাকার বেশির ভাগ জমি কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। আর জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আনোয়ার হাওলাদার মাছ ও হোটেল ব্যবসার পাশাপাশি জমির দালালি করেন। তিনি পটুয়াখালী-১ আসনের সাংসদ রুহুল আমিন হাওলাদারের ‘ঘনিষ্ঠজন’।
২০০৯ সালের পৌরসভা আইন অনুসারে, পৌরসভা হওয়ার জন্য যেসব যোগ্যতা পূর্ণ করতে হয়, তা কুয়াকাটার নেই। সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের উদ্যোগে ২০১০ সালের ১৫ ডিসেম্বর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে কুয়াকাটা পৌরসভা গঠন করা হয়।
স্থানীয় একটি বেসরকারি সংস্থার এক কর্মকর্তা বলেন, কুয়াকাটাকে পৌরসভা ঘোষণার পর এখানে হু হু করে জমির দাম বাড়তে থাকে। পর্যটনকেন্দ্র হওয়ায় বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান এখানে এসে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের জন্য জমি খুঁজতে শুরু করে। আর এই সুযোগে স্থানীয় প্রভাবশালী ও রাজনীতিকদের জমির দালালি ও অবৈধ দখলদারি বেড়ে যায়। এখানকার বেশির ভাগ প্রভাবশালী রাজনীতিক জমি দখল ও কেনাবেচার সঙ্গে জড়িত। আর রাখাইনদের ও খাসজমি দখল করার জন্য সবাই যেন ওত পেতে বসে আছেন।
গত অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌসের নেতৃত্বে একটি দল কুয়াকাটায় রাখাইনদের দেবালয়, শ্মশান, পুকুরসহ প্রায় তিন একর জমি দখলের বিষয়টি স্থানীয় প্রশাসনের কাছে তুলে ধরেন। সেখানেও মূল অভিযোগের তির ছিল বারেক মোল্লা ও তাঁর সহযোগীদের দিকে।
ওই সময় স্থানীয় সাংবাদিকদের কাছে বারেক মোল্লা বলেছিলেন, পটুয়াখালী-৪ আসনের সাংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের সঙ্গে তাঁর খারাপ সম্পর্ক থাকায় তিনি স্থানীয় রাজনীতির শিকার।
তবে গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘তাঁর (মাহবুবুর রহমান) সঙ্গে আমার সম্পর্ক খারাপ না। আমি ছোটখাটো মানুষ, সব কথা হয়তো গুছায় বলতে পারি না।’ তিনি তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ অস্বীকার করেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, তৃণমূল থেকে মেয়র পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ ভূঁইয়াকে মনোনীত করেছিল। কিন্তু শেষ মুহূর্তে কেন্দ্র থেকে পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লাকে মনোনয়ন দেওয়া হয়। মনির ভূঁইয়া মনোনয়ন না পাওয়ায় তাঁর ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা সাবের আহম্মেদ ভূঁইয়া বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। পরে ‘রাজনৈতিক চাপে’ সাবের আহম্মেদ ভূঁইয়া তা প্রত্যাহার করে নেন। চাপে ছেলের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে কি না, জানতে চাইলে মনির ভূঁইয়া কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘আমি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি।’
কুয়াকাটায় জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হাওলাদারও জমি কেনাবেচা ও দালালির সঙ্গে জড়িত। স্থানীয় সূত্রগুলো জানায়, পৌর জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হাওলাদার পটুয়াখালী-১ আসনের সাংসদ জাতীয় পার্টির এ বি এম রুহুল আমিন হাওলাদারের ঘনিষ্ঠজন। কুয়াকাটায় রুহুল আমিন হাওলাদারের বিপুল পরিমাণ জমিজমা ও ব্যবস্থাপ্রতিষ্ঠান আছে। এলাকায় জমি কেনাবেচা ও তত্ত্বাবধানের জন্য পেশায় মাছ ব্যবসায়ী আনোয়ারের ওপর নির্ভর করেন তিনি।
আনোয়ার হাওলাদার প্রথম আলোকে বলেন, অনেক ‘বড় ও প্রভাবশালী কয়েকজন নেতা’ কুয়াকাটায় খাসজমি দখল ও বন্দোবস্তে দুর্নীতির সঙ্গে জড়িত। কুয়াকাটায় দুটি আবাসিক হোটেল, একটি বরফকল ও একটি মাছের আড়তের মালিক আনোয়ারের বিরুদ্ধে জমি দখল, প্রতারণাসহ নানা অভিযোগে তিনটি মামলাও হয়েছিল।
পৌর বিএনপির আহ্বায়ক ও লতাচাপলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল আজিজ মুসুল্লী মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে নির্বাচন নিয়ে বিএনপি প্রার্থীর তেমন কোনো প্রচার-প্রচারণা দেখা যায়নি। স্থানীয় লোকজন বলছেন, মামলা-হয়রানির ভয়ে বিএনপি প্রকাশ্যে কম প্রচার চালাচ্ছে। প্রথম আলোর সঙ্গেও তিনি কোনো কথা বলতে রাজি হননি।
হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, কুয়াকাটার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বেশির ভাগের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত। এখানে পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) রাবেয়া খাতুন শিক্ষাগত যোগ্যতায় সবচেয়ে এগিয়ে আছেন। তিনি কামিল পাস। বিএনপির প্রার্থী মাধ্যমিক, আওয়ামী লীগের প্রার্থী নবম শ্রেণি আর জাপা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলাম মুসুল্লী অষ্টম শ্রেণি পাস। আর কাউন্সিলর পদে ৩৯ প্রার্থীর মধ্যে ৩০ জনের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত। এঁদের মধ্য থেকেই কুয়াকাটার প্রায় সাড়ে ছয় হাজার ভোটার এবারই প্রথম জনপ্রতিনিধি নির্বাচন করবেন।