তাঁদের মনে শ্রাবণ-আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য শ্রাবণ। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ক্রমে ভারী হতে থাকে বৃষ্টির ফোঁটা।বেলা গড়াতেই সেই বৃষ্টি উধাও। আলো ঝলমলে রোদ চিকচিক করে বৃষ্টিস্নাত আঙিনার সবুজ ঘাসে। সেই ঘাসের ওপর দাপিয়ে বেড়ায় প্রাণবন্ত ছাত্রীর দল। পুরো ক্যাম্পাস যেন প্রাণ ফিরে পায়।এই আনন্দযজ্ঞে শামিল হয়েছিলেন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী থেকে শুরু করে কলেজের আয়া পর্যন্ত। এই আনন্দ সিলেট সরকারি মহিলা কলেজে। গতকাল বুধবার ফলাফল ঘোষণার পর পরই শুরু হওয়া এই আনন্দ-উচ্ছ্বাস চলে দুই ঘণ্টা। উচ্চমাধ্যমিকের ঘোষিত ফলাফলে এই প্রতিষ্ঠানটি তৃতীয় স্থান অর্জন করেছে। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছেন ১১৪ জন শিক্ষার্থী। উচ্ছ্বাসের আঁচ পাওয়া যায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া মাশিয়াত তাহুরার কথায়। তাঁর ভাষ্য, ‘আনন্দ হবে না আবার? বড় হয়ে ছিন্নমূল শিশুদের উন্নয়নে কাজ করব। খুব-খুব ভালো লাগছে।’জিপিএ-৫ পাওয়া আরেক শিক্ষার্থী মল্লিকা দাশ বলেন, ‘অসাধারণ অনুভূতি! আমার বেশি সময় পড়ার প্রয়োজন পড়েনি। যতটুকু পড়েছি, মন দিয়ে পড়েছি।’এ তো গেল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দৃশ্য। এ রকম হাজারো দৃশ্য ছড়িয়ে-ছিটিয়ে ছিল সিলেটের কলেজগুলোতে। বোর্ডসেরা তালিকার প্রথম, দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, এমসি কলেজ এবং সিলেট কমার্স কলেজের চত্বরও ছিল উৎসবমুখর। কোথাও কোথাও বাদ্য বাজিয়ে ট্রাকযোগে ছিল আনন্দ-মিছিল। পুরো শহর যেন ভেসে গিয়েছিল আনন্দের বন্যায়।সিলেট কমার্স কলেজ বোর্ডসেরা তালিকায় পঞ্চম হয়েছে। প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ড. মোস্তাক আহমদ দীন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের আনন্দযজ্ঞ ভবিষ্যৎ কর্মমুখর দিনগুলোতেও বজায় থাকুক—এই শুভ প্রত্যাশা সবার প্রতি রইল।’