তাঁদের মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহফুজুর রহমান, আ ক ম রইসুল হক ও মোহাম্মদ সাহাব উদ্দিন—তিনজনই একাত্তরের রণাঙ্গনের বীরযোদ্ধা। ভারতের হরিণা ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে গেরিলাযুদ্ধে অংশ নেন তাঁরা। ১৯৭১ সালের মার্চ মাসে চট্টগ্রামের পরিস্থিতি এবং মুক্তিযুদ্ধের সময়কার কিছু ঘটনা জানতে তাঁদের সঙ্গে কথা বলেছেন শিহাব জিশান

মাহফুজুর রহমান
মাহফুজুর রহমান

চট্টগ্রামে চার শর বেশি গেরিলা অভিযান হয়েছে
মাহফুজুর রহমান

মার্চের প্রথম দিন থেকেই চট্টগ্রামে চালু করা হয় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র। উদ্দেশ্য সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে স্বাধীন করা। এর মধ্যে চট্টগ্রামের অস্ত্রের দোকান লুটসহ বিভিন্ন উপায়ে অস্ত্র ও রসদ সংগ্রহ শুরু করে মুক্তিকামী জনতা। মাহফুজুর রহমান তাঁর সহযোগীদের নিয়ে আন্দরকিল্লার অস্ত্রের দোকান থেকে অস্ত্র লুট করেন। এর মধ্যে ২৭ মার্চ সকালে বেতারকেন্দ্র থেকে টিক্কা খান নিহত হওয়ার মিথ্যা সংবাদ ছড়িয়ে দেন মেডিকেল কলেজ ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের এ দলে ছিলেন মাহফুজও।
এরপর ২৯ মার্চ রাঙ্গুনিয়া যান মাহফুজুর রহমান। সেখান থেকে প্রশিক্ষণ নিতে চলে যান ভারতে। সাত দিনের প্রশিক্ষণ শেষে দেশে এলেও অবরুদ্ধ চট্টগ্রামে ঢুকতে পারেননি তিনি। আবার ভারতে পাড়ি দিয়ে ৪৫ দিনের প্রশিক্ষণ শেষে বিএলএফের একটি গেরিলা দলের কমান্ডার হিসেবে চট্টগ্রামে ঢোকেন আগস্টের মাঝামাঝি সময়ে। সে সময় চট্টগ্রামে একসঙ্গে ১৪-১৫টি গেরিলা দল কাজ করেছে বলে জানান মাহফুজ। ১৯৭১ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামে চার শর বেশি গেরিলা অভিযান পরিচালিত হয়েছে বলে জানান তিনি।


চট্টগ্রামেই গড়ে উঠেছিল দ্বিতীয় বৃহত্তম নিরস্ত্র প্রতিরোধ

আ ক ম রইসুল হক
আ ক ম রইসুল হক

আ ক ম রইসুল হক 
২৪ মার্চ ১৯৭১। সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের কােজ বাধা দিতে চট্টগ্রাম বন্দরের তৎকালীন নিউমুরিং কলোনিতে সামসুদ্দিনের নেতৃত্বে সমাবেশের আয়োজনে কাজ করেছিলেন আ ক ম রইসুল হক বাহার, আবদুস সাত্তার ও তারেক দিলু। আওয়ামী লীগ নেতা এম এ হান্নান ও এম এ মতিনের নেতৃত্বে সমাবেশ শেষে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি নিউমুরিং কলোনি থেকে ডবলমুরিং ৩ নম্বর জেটি পর্যন্ত আসার পর নৌবাহিনীর ফ্লিট ক্লাব থেকে গুলি ছোড়ে পাকিস্তানি সেনারা। এটি মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে দেশের দ্বিতীয় বৃহত্তম নিরস্ত্র প্রতিরোধ বলে জানালেন রইসুল হক বাহার। তখন তিনি কাজ করতেন চট্টগ্রাম বন্দরে। তিনি বলেন, ‘মার্চ মাসের ৩০ তারিখ পর্যন্ত চট্টগ্রাম শহর ছিল মুক্তিকামী জনতার দখলে। চারদিকে চলছিল স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ও প্রতিরোধযুদ্ধ।’
৩০ মার্চের পর চট্টগ্রামের দখল নেয় পাকিস্তানি সেনারা। এরপর সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে যুদ্ধে যোগ দেওয়ার পরিকল্পনা করেন বাহার। ১৫ মে বন্ধু সাত্তারকে সঙ্গে নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে পৌঁছে যান ত্রিপুরা রাজ্যের হরিণা ক্যাম্পে। সাত দিনের প্রশিক্ষণ শেষে যুদ্ধে অংশ নিতে ফিরে আসেন চট্টগ্রামে। নানা কারণে ব্যর্থ হয়ে আবার হরিণা ক্যাম্পে ফিরে গেলেও মনোবল হারাননি বাহার। শুরু হয় নতুন করে প্রশিক্ষণ গ্রহণ। ৪৫ দিনের প্রশিক্ষণ শেষে একজন বিস্ফোরণ ও পরিকল্পনা বিশেষজ্ঞ গেরিলাযোদ্ধা হিসেবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আবার প্রবেশ করেন অবরুদ্ধ চট্টগ্রামে। এরপর শুরু হয় নানা ধরনের গেরিলা অভিযান। তাঁর নেতৃত্বে একের পর এক সফল অভিযানে গেরিলারা কাঁপন ধরিয়েছিল শত্রু শিবিরে। ২৯ অক্টোবর কৈবল্যধামে পাকিস্তানি টহল ট্রেন এবং রেলসেতু বিস্ফোরণ অভিযানে ছয় সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে নেতৃত্ব দিয়েছিলেন রইসুল হক বাহার।

মোহাম্মদ সাহাব উদ্দিন
মোহাম্মদ সাহাব উদ্দিন


গেরিলারা যুদ্ধ করেছিল হিট অ্যান্ড রান পদ্ধতিতে 
মোহাম্মদ সাহাব উদ্দিন
ঢাকার তিতুমীর কলেজের বিকম তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাহাব উদ্দিন ছিলেন ঢাকা শহর ছাত্রলীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে। কেন্দ্রের নির্দেশে ১৯৭১ সালের ২৪ মার্চ বিকেলের ট্রেন ধরে ঢাকা থেকে চলে আসেন চট্টগ্রামের মিরসরাইয়ে। মিরসরাই নেমেই খবর পান কুমিল্লা থেকে ট্রাকে করে আসা পাকিস্তানি সেনাদের প্রতিরোধ করতে প্রকৌশলী মোশাররফ হোসেনের নেতৃত্বে শুভপুর সেতুর কাছে অবস্থান নিয়েছে মুক্তিকামী জনতা।
২৬ মার্চ ভোরে মিরসরাইয়ের স্টেশন রোডে অবস্থিত ওয়্যারলেস কার্যালয়ে যান তিনি। ঢাকার ওয়্যারলেস কর্মীরা সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাটি ছড়িয়ে দিচ্ছিলেন। তিনি সে বার্তা গ্রহণ করে মাইক দিয়ে পুরো মিরসরাইয়ে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এরপর মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় পাকিস্তানিদের ঠেকাতে প্রতিরোধযুদ্ধে অংশ নেন সাহাব উদ্দিন। ২ মে প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে যান হরিণা ক্যাম্পে। ৪৫ দিনের বিএলএফ প্রশিক্ষণ শেষে জুলাইয়ের শেষ দিকে ফিরে আসেন মিরসরাইয়ে। এরপর থানা কমান্ডার ওহিদুল হকের নেতৃত্বে গেরিলা যোদ্ধা হিসেবে যুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করা, পাকিস্তানি দালালদের হত্যা করা এবং হিট অ্যান্ড রান পদ্ধতিতে যুদ্ধ করে পাকিস্তানিদের বাধা দেওয়ার কাজ করতে থাকেন তিনি। মিরসরাই দক্ষিণের অপারেশন কমান্ডার হিসেবে তাঁর নেতৃত্বে মিরসরাইয়ের আবু তোরাব সড়কসহ বেশ কয়েকটি জায়গায় সফল অভিযান পরিচালনা করেন গেরিলারা।