তাঁদের মৃত্যু যেন বৃথা না যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে এক মিনিট ​নীরবতা পালন করেন কূটনীতিক ও ব্যবসায়ীরা। গতকাল রাজধানীর একটি হোটেলে এমসিসিআই আয়োজিত স্মরণ অনুষ্ঠান l ছবি: প্রথম আলো
গুলশানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে এক মিনিট ​নীরবতা পালন করেন কূটনীতিক ও ব্যবসায়ীরা। গতকাল রাজধানীর একটি হোটেলে এমসিসিআই আয়োজিত স্মরণ অনুষ্ঠান l ছবি: প্রথম আলো

সন্ধ্যা ৭টা ৫২ মিনিট। আগত অতিথিরা একে একে সবাই উঠে দাঁড়ালেন। রাজধানীর র্যা ডিসন হোটেলের গ্র্যান্ড বলরুমে নেমে এল নিস্তব্ধতা। এক মিনিটের নীরবতা পালন করলেন সবাই।
এ নীরবতা শোকের, শোক গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের জন্য। এ নীরবতা এক গৌরবময় ঘটনার স্মরণে, গৌরব ফারাজ আইয়াজ হোসেনের জন্য, যিনি সুযোগ পেয়েও বন্ধুকে ফেলে স্বার্থপরের মতো মৃত্যুকূপ থেকে বেরিয়ে আসেননি। নীরবতা ঘৃণারও, ঘৃণা তাদের জন্য, যারা ধর্মের নামে এ জঘন্য হত্যাযজ্ঞ ঘটিয়েছে।
শুধু নীরবতায় অবশ্য শেষ হলো না, বক্তব্য দিতে গিয়ে কয়েকজন কাঁদলেন, অতিথিদের কাঁদালেন। এ রকমই বেদনাবিধুর এক পরিবেশ তৈরি হলো গুলশানে নিহতদের জন্য আয়োজিত স্মরণ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের আয়োজন করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কূটনীতিক, ব্যবসায়ী ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বললেন, গুলশানে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের মৃত্যু যেন বৃথা না যায়। জঙ্গিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, সম্মিলিতভাবে জঙ্গিবাদকে রুখে দিতে হবে।
গত ১ জুলাই গুলশানে ওই জঙ্গি হামলায় ১৭ জন বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হন। তাঁদের স্মরণে এমসিসিআইয়ের সভাটি শুরু হয় পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে। এরপর বক্তব্য দেন এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি নিহত সবার জন্য শোক প্রকাশ করেন। নাম উল্লেখ করেন ফারাজ, ইতালীয় নাগরিক ক্লদিয়া বেনেদিত্তো, হলি আর্টিজান বেকারির কর্মী সাইফুল ইসলাম চৌকিদার এবং ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিম ও সালাহউদ্দিন খানের। এমসিসিআইয়ের সভাপতি বলেন, ক্লদিয়া প্রায় ২০ বছর ধরে স্বামীসহ বাংলাদেশে বসবাস করতেন। তিনি বাংলাদেশকে শুধু ব্যবসার মাধ্যমে নয়, ইতালি থেকে চিকিৎসক এনে এ দেশের মানুষকে চিকিৎসাসেবা দিয়েও সহায়তা করতেন। সাইফুল ইসলাম জার্মানি থেকে ফিরে এসেছিলেন নিজের দেশে পরিবারের কাছে থেকে একজন পিৎজা শেফ হওয়ার জন্য।
নাসিম মঞ্জুর বলেন, বাংলাদেশের মানুষ জঙ্গিবাদকে ঘৃণা করে। তারা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে।
নাসিম মঞ্জুরের বক্তব্যের পরেই পালন করা হয়েছিল এক মিনিটের নীরবতা।
ফারাজ সম্পর্কে বলতে গিয়ে কেঁদে ফেলেন লতিফুর রহমানের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি মাহাবুবুর রহমান। তিনি বলেন, ‘ফারাজ আমার সঙ্গে মস্কোতে সাত দিন ছিল। ওই সময় সে আমার সঙ্গে ছায়ার মতো লেগে থাকত। সে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে, তা আমরা কখনোই ভাবিনি।’
ফারাজই বাংলাদেশ, ফারাজই ইসলামের প্রকৃত চেতনা—এ মন্তব্য করে মাহাবুবুর রহমান বলেন, ‘এমন সন্তান জন্ম দিয়ে ফারাজের মায়ের গর্বিত হওয়া উচিত।’
ফারাজকে একজন অসাধারণ ছাত্র, একজন যথার্থ সন্তান, যত্নশীল নাতি ও আদরের ছোট ভাই হিসেবে উল্লেখ করে তাঁর বড় ভাই যারেফ বলেন, জীবনে যে সফলতা সে প্রত্যাশা করত, তার চেয়ে অনেক বেশি পেয়েছে। তার ত্যাগের মহিমা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।
যারেফ বলেন, ‘একজন মানুষের পক্ষে যতটুকু সম্ভব, তার পুরোটাই দিয়েছে ফারাজ। তার এ ত্যাগ বৃথা যাবে না। আমি জানি, বাংলাদেশ শক্তভাবে ঘুরে দাঁড়াবে।’
এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করে বিদেশি কূটনীতিকদের বাংলাদেশ ভ্রমণে অতিরিক্ত সতর্কতা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনাদের নিরাপত্তার দায়িত্ব এ দেশের সকলের।’
ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী বলেন, এ ক্ষেত্রে ব্যবসায়ীরা সব সহযোগিতা করবেন।
ফরেন চেম্বারের সভাপতি রূপালী চৌধুরী বলেন, ‘আমি একজন মা, আমি জানি ফারাজের মাকে কত কষ্ট পেতে হচ্ছে। এ কষ্ট তাঁকে সারা জীবন বহন করতে হবে।’
ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ বলেন, এ ধরনের ঘটনার মুখোমুখি বাংলাদেশ প্রথমবারের মতো হয়েছে। এখন সবাইকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত দেশ গড়তে কাজ করতে হবে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমও সবাইকে একসঙ্গে লড়াই করার তাগিদ দেন।
ট্রান্সকমের চেয়ারম্যান লতিফুর রহমান বলেন, ‘আমি বলতে চাই, বাংলাদেশকে অবশ্যই এ সংকট কাটিয়ে উঠতে হবে এবং বাংলাদেশ তা কাটিয়ে উঠবে। আমরা সবাই এ দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকেরা বাংলাদেশকে সহায়তা করা এবং সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, সবকিছু বন্ধ করে দেওয়া এখনকার অনিশ্চয়তার জবাব হতে পারে না। ব্যবসা-বাণিজ্য চালাতে হবে, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে হবে এবং দৈনন্দিন জীবনে মানুষকে সহজভাবে চলাফেরা করতে হবে। সংকট কাটিয়ে উঠতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের তরফ থেকে একটি শক্ত সাড়া সহায়তা করবে বলে উল্লেখ করেন তিনি।
গুলশানে নিহতদের শহীদ হিসেবে অভিহিত করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। তিনি বলেন, নিহতদের আত্মত্যাগ কিছু অতিরিক্ত বাধ্যবাধকতা তৈরি করে। প্রথমত ঐক্যের বাধ্যবাধকতা। তিনি বলেন, ‘বাংলাদেশে জাতীয় ঐক্যের কথা হচ্ছে। আমি মনে করি, আন্তর্জাতিকভাবে ঐক্য হওয়া দরকার।’
ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ দেখানোর নীতি গ্রহণ করেছে। সমন্বিত উদ্যোগ নিয়েছে। ভারত বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।
গুলশানে জঙ্গি হামলায় ইতালির নয়জন নাগরিক নিহত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় ইতালির দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জুসেপ্পে সিমেনজা। তিনি বলেন, ‘ইতালির নাগরিকসহ যাঁরা মারা গেছেন, তাঁদের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। শত্রুদের জয়ী হতে দেওয়া যাবে না। আমরা সবাই তাদের বিরুদ্ধে লড়ব।’
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহানও বক্তব্য দেন। এ ছাড়া ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক, এমসিসিআইয়ের সাবেক সভাপতি লায়লা রহমান কবীর, রোকিয়া আফজাল রহমান, বিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, হলি আর্টিজান রেস্তোরাঁর মালিকদের একজন আলী আর্সলান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমসিসিআইয়ের সাবেক সহসভাপতি নিহাদ কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনটির সহসভাপতি আখতার মতিন খান।