তাঁদের সংসারে অন্ধকার নেমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলার বাসগ্রামের জুয়েল মোল্লার স্ত্রী নাদিরা বেগম ও তাঁর সন্তানেরা l ছবি: প্রথম আলো
নড়াইল সদর উপজেলার বাসগ্রামের জুয়েল মোল্লার স্ত্রী নাদিরা বেগম ও তাঁর সন্তানেরা l ছবি: প্রথম আলো

বিছানায় নিস্তেজ হয়ে পড়ে থাকা মো. আলমগীর কয়েক দিন আগেও চারজনের সংসারের ভার সামলেছেন। কিন্তু গত ১ মে কুমিল্লায় এক দুর্ঘটনায় বদলে গেছে তাঁর জীবন। বাঁ পা কয়েক টুকরা হয়ে যায়। তারপর থেকে বিছানাতেই কাটছে সময়।
আলমগীর শ্যামলী পরিবহনের (এনআর) বাসচালক ছিলেন। সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম। স্বামীর ওষুধ, প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় ও দৈনন্দিন খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন স্ত্রী। কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া দুই ছেলের পড়ালেখাও বন্ধ হওয়ার উপক্রম।
আলমগীর তা–ও পরিবার নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন। কিন্তু ঢাকা-নড়াইল পথে চলাচলকারী হানিফ এন্টারপ্রাইজের বাসের চালকের সহকারী জুয়েল মোল্লা চলে গেছেন সবকিছুর ঊর্ধ্বে। গত ১০ ফেব্রুয়ারি রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে মারা যান জুয়েলসহ পাঁচজন। স্বামীর মৃত্যুর পরে শাশুড়ি, তিন ছেলেমেয়েকে নিয়ে অকূলপাথারে পড়েছেন জুয়েলের স্ত্রী নাদিরা বেগম।
সাভারের বলিয়ারপুরে এক কক্ষের একটি বাসায় পরিবার নিয়ে থাকেন আলমগীর। সম্প্রতি ওই বাসায় গিয়ে দেখা যায়, বালিশে হেলান দিয়ে শুয়ে আছেন তিনি। বাঁ পা বালিশ দিয়ে উঁচু করা। ভাঙা হাড় জোড়া দিতে হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত রড ঢোকানো হয়েছিল। সেই রড খুলে ফেলা হলেও ক্ষতস্থানের ঘা এখনো শুকায়নি।
দুর্ঘটনার রাতের বর্ণনায় আলমগীর বলেন, ‘১ মে গাড়ি নিয়া কক্সবাজার থেকে কুষ্টিয়া যাচ্ছিলাম। বাসের গতি ছিল ৬০-৭০ কিলোমিটার। কুমিল্লার নিমসার বাজারে হঠাৎ করে একটি ট্রাক ইউটার্ন নিতে গিয়ে সামনে এসে পড়ে। বাঁয়ে ছিল পুকুর। তাই বাধ্য হয়ে বাসের ডান পাশ দিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিই।’ দুর্ঘটনায় আলমগীরের বাঁ পা দিয়ে ঢুকে যায় স্টিয়ারিংয়ের রড। ফায়ার সার্ভিসের কর্মীরা রড কেটে তাঁকে বের করেন।
কক্সবাজার থেকে কুষ্টিয়া পৌঁছাতে কতক্ষণ লাগে—এমন প্রশ্নের জবাবে আলমগীর বলেন, ‘একটানা ১৮ ঘণ্টার বেশি বাস চালাতে হয়। ভোরবেলার দিকে ক্লান্তি লাগে।’
আলমগীর বলেন, এ পর্যন্ত এক লাখের ওপর টাকা খরচ হয়েছে। ধারকর্জ করে, আত্মীয়স্বজনের কাছে চেয়ে সংসার চালাচ্ছেন তিনি। মালিকপক্ষ ৩০ হাজার টাকা দিয়ে বলেছে, তারা আর দিতে পারবে না।
স্বামীর অসুস্থতায় দিশেহারা মরিয়ম আক্তার। মরিয়ম বলেন, ‘দৈনিক ৭০০ টাকার ওষুধ লাগে। ওষুধ কেনার টাকা নেই। প্রায় চার মাসের ঘরভাড়া বাকি পড়েছে। কারও কাছে হাত পাততে পারছি না।’
শ্যামলী পরিবহনের পরিচালক রাকেশ চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, ‘আলমগীরের চিকিৎসায় যতটুকু পেরেছি নিজে সাহায্য করেছি। কর্মকর্তা-কর্মচারীদের থেকে কিছু টাকা তুলেও সাহায্য করা হয়েছে। ওর সম্পূর্ণ সুস্থ হতে অনেক টাকা লাগবে। চিকিৎসার খরচ পুরোপুরি বহন করা সম্ভব না।’
হানিফ এন্টারপ্রাইজের বাসের চালকের সহকারী জুয়েল মোল্লার মৃত্যু এলোমেলো করে দিয়েছে নাদিরা বেগমের সংসার। জুয়েল ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
সম্প্রতি নড়াইল সদর উপজেলার বাসগ্রামে জুয়েলের বাড়িতে গেলে নাদিরা বেগম সাংবাদিক পরিচয় পেয়ে কেঁদে ফেলেন। ছেলেমেয়েদের জড়িয়ে ধরে বিলাপ করে নাদিরা বলতে থাকেন, তাঁদের কোনো জায়গা-জমি, টাকা–পয়সা নেই। দুই মেয়ে, এক ছেলে। বড় মেয়ে ষষ্ঠ শ্রেণিতে, মেজটা তৃতীয় শ্রেণিতে এবং ছেলে প্রথম শ্রেণিতে পড়ে। ঘরে আছে বৃদ্ধ শাশুড়ি। বসতঘরই সম্বল। গ্রামের মানুষ কিছু ধান-চাল তুলে দিয়েছিল। আর গাড়ির লোকজন কিছু টাকা দেন।
নড়াইল জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাদেক হোসেন খান প্রথম আলোকে বলেন, হানিফ এন্টারপ্রাইজের মালিকপক্ষ থেকে জুয়েল মোল্লার পরিবারকে ১০ হাজার টাকা আর যশোর শ্রমিক ইউনিয়ন থেকে ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।