তাঁদের সম্পদ বেড়েছে কয়েক গুণ
ক্ষমতার পাঁচ বছরে সিলেটে আওয়ামী লীগদলীয় তিন সাংসদের সম্পদ বেড়েছে। সম্পদ বৃদ্ধি সম্পর্কে এক সাংসদ ক্ষমতাসীন থাকা অবস্থায় ব্যবসায় ‘বেশি লাভ’ হয়েছে বলে জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেট-৩ আসনে অন্য প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টিকে ‘ছাড়’ দিতে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী। এ ছাড়া সিলেট-৫ আসনে আওয়ামী লীগদলীয় প্রার্থী ইমরান আহমদ দলের এক ‘বিদ্রোহী’ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ব্যবসায় ‘বেশি লাভ’ হয়েছে তাঁর
ক্ষমতার পাঁচ বছরে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর। তাঁর নির্ভরশীল ব্যক্তিদের আয়ও বেড়েছে। বর্তমানে তাঁর বার্ষিক আয় ৫০ লাখ ৪৬ হাজার টাকা এবং প্রার্থীর ওপর নির্ভরশীলদের আয় ৬৬ লাখ ছয় হাজার টাকা। ২০০৮ সালে তাঁর আয় ছিল ৬১ লাখ ৩১ হাজার ৩৫ টাকা এবং নির্ভরশীলদের আয় ছিল নয় লাখ টাকা।
বর্তমানে মাহমুদ উস সামাদের অস্থাবর সম্পদ রয়েছে আট কোটি ৮১ লাখ ৮৫ হাজার ৭১৪ টাকার এবং তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদ রয়েছে এক কোটি ৩৭ লাখ ১২ হাজার ৭৯০ টাকার। ২০০৮ সালে তাঁর অস্থাবর সম্পদ ছিল ছয় কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ৬৪১ টাকার এবং তাঁর স্ত্রীর ছিল এক কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৫৯০ টাকার।
মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। ব্যবসায় লাভ-ক্ষতি হয়ে থাকে। এ সময়টাতে অবশ্য আমার ব্যবসায় বেশি লাভ হয়েছে। আত্মীয়স্বজনের মাধ্যমেও সাহায্য ও সহযোগিতা পেয়েছি।’
অস্থাবর সম্পদ বেড়েছে ছয় গুণ
সিলেট-২ (বালাগঞ্জ-বিশ্বনাথ) আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী আয়ের অন্যতম উৎস হিসেবে দেখিয়েছেন, ‘ব্যবসা ও অন্যান্য’। ‘কৃষি খাত’, ‘সাংসদ হিসেবে প্রাপ্ত ভাতা’, ‘ব্যাংকের সুদ’ এবং ‘অন্যান্য’ খাত থেকে তাঁর বার্ষিক আয় হয় ১৫ লাখ ৫২ হাজার ২৮ টাকা। ২০০৮ সালে আয়ের উৎস হিসেবে তিনি নিজেকে ‘বৈদেশিক মুদ্রা অর্জনকারী’ উল্লেখ করেছিলেন। তবে সে সময় তিনি কত টাকা আয় করতেন, তা হলফনামায় উল্লেখ করেননি।
বর্তমানে শফিকুর রহমানের অস্থাবর সম্পদের মধ্যে দুই কোটি ৯২ লাখ ৩২ হাজার ৪৬৬ টাকার সম্পদ রয়েছে। ২০০৮ সালে তাঁর ৩৭ লাখ ৬৬ হাজার ৭৬৮ টাকার অস্থাবর সম্পদ ছিল। পাঁচ বছরে তাঁর দুই কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৯৮ টাকার অস্থাবর সম্পদ বেড়েছে। বর্তমানে তাঁর দুই লাখ ২৯ হাজার ৪৮ টাকার স্থাবর সম্পদ রয়েছে। ২০০৮ সালে তিনি একই পরিমাণ জায়গা যৌথ সম্পত্তির অংশ হিসেবে দেখিয়েছিলেন।
চা-বাগানের মালিক হলেন
সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনের সাংসদ ইমরান আহমদের স্থাবর সম্পদের মধ্যে গোয়াইনঘাট উপজেলার শ্রীপুর চা-বাগানের মালিকানা পেয়েছেন। পেশায় চা ব্যবসায়ী ইমরানের বার্ষিক আয়ও বেড়েছে। তিনি আয় করছেন পাঁচ লাখ ৮২ হাজার ৫০০ টাকা এবং তাঁর নির্ভরশীল ব্যক্তিদের আয় ১৬ লাখ ৪৭ হাজার ২৬০ টাকা। ২০০৮ সালে তাঁর আয় তিন লাখ ৬০ হাজার টাকা এবং নির্ভরশীল ব্যক্তিদের আয় সাত লাখ ৭৩ হাজার ৭২৮ টাকা ছিল। বর্তমানে তাঁর ৫২ লাখ ৯২ হাজার ৩৮২ টাকা এবং স্ত্রীর ৭০ লাখ ৩০ হাজার ৩৩০ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। ২০০৮ সালে তাঁদের যথাক্রমে পাঁচ লাখ ৫২ হাজার ৫০০ এবং ২৮ লাখ ৫৫ হাজার ৬৬৬ টাকার অস্থাবর সম্পদ ছিল।