তাঁদের সান্ত্বনা দেবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা হোসেনের গা বেয়ে ঝরছে ঘাম। কোদাল হাতে খুঁড়ে চলেছেন মাটি। নিখোঁজ বড় ভাই ও বোন তখনো মাটির নিচে। তাঁর সঙ্গে আছেন প্রতিবেশীরাও। ঘণ্টাখানেক খোঁড়ার পর বড় ভাই আলমগীর হোসেনের পা দেখা যায় ধ্বংসস্তূপে। কোদাল ফেলে নির্বাক হয়ে যান মোস্তফা। চোখের কোণে পানি। সান্ত্বনা এটুকুই, লাশ তো মিলেছে!
গতকাল বুধবার রাঙামাটির ভেদভেদী এলাকার পশ্চিম মুসিলমপাড়ায় গেলে দেখা মেলে মোস্তফার। বেলা একটা থেকে তিনটা পর্যন্ত সেখানে অবস্থান করে দেখা যায়, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বড় ভাইয়ের লাশ উদ্ধার করা হয়। বিকেল পর্যন্ত এক ভাই ও এক বোন নিখোঁজ ছিলেন।
গত মঙ্গলবার পাহাড়ধসে তাঁর বাবা, দুই ভাই, এক বোন ও এক ভাইঝি মাটিচাপা পড়েন। মাকে উদ্ধার করা হয় মুমূর্ষু অবস্থায়। কর্মসূত্রে রাজস্থলী থাকায় বেঁচে যান পেশায় গাড়িচালক মোস্তফা। বাবা আবদুল জলিলের (৫২) লাশ মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার হয়। গতকাল সকালে মিলেছে ভাইঝি আলিকার (৫) লাশ।
গত সোমবার রাত ও মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড়ধস হয়। এরপর থেকে গতকাল বুধবার পর্যন্ত দুই দিনে লাশ উদ্ধার করা হয়েছে ১০৫ জনের। এর মধ্যে শহরের ভেদভেদী ও যুব উন্নয়ন এলাকায় বিপর্যয় ঘটে বেশি।
সকাল থেকেই শুরু হয় মুসিলমপাড়ার উদ্ধারকাজ। দুপুরে সাধারণ মানুষের সঙ্গে যোগ দেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধারের একফাঁকে মোস্তফা উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকেন। দেখাচ্ছিলেন তাঁদের ঘর কোথায় ছিল, কোথায় গিয়ে মাটির সঙ্গে মিশেছে। তিনি বলেন, ‘আমি রাজস্থলী ছিলাম। এক প্রতিবেশী মঙ্গলবার বিকেলে ফোন করে বলেছে এই ঘটনা। দ্রুত এসে দেখি সব শেষ। মাকে উদ্ধার করে নানির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও তিনি মূর্ছা যাচ্ছেন। কারণ, তাঁর চোখের সামনে সবাই মাটিচাপা পড়েছে।’
মোস্তফারা তিন ভাই, এক বোন। বোন নুরুন্নাহারা বেগম রাঙামাটি কলেজের ছাত্রী। ঘটনার আগের দিন রাতে বোনের সঙ্গে রাজস্থলী থেকে মোস্তফার কথা হয়। এ সময় বোনটি তাঁর ভাইয়ের শরীরের খোঁজখবর নিচ্ছিলেন।
সেই শেষ কথা। নুরুন্নাহার, বাবা আবদুল জলিল, দুই ভাই আলমগীর ও ইশতিয়াক আহমেদ এবং আলমগীরের মেয়ে আলিকা এখন না-ফেরার দেশে।
আলমগীরের লাশ উদ্ধারের পর আরেক ভাই ইশতিয়াক ও বোন নুরুন্নাহারের লাশের জন্য প্রতীক্ষা করছিলেন মোস্তফা।
তবে মোস্তফার মতো প্রতীক্ষা দীর্ঘ হয়নি পুলিশের নায়েক সুবাস বসু চাকমার। ভেদভেদী যুব উন্নয়ন এলাকায় পাহাড়ধসে তাঁর স্ত্রী রূপালী ও দুই মেয়ে না-ফেরার দেশে। মা-মেয়ে জড়াজড়ি করে ছিল। উদ্ধারের সময় তাঁদের সেভাবেই পাওয়া যায়। সকালে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
নোয়াখালীতে চাকরিরত সুবাস মঙ্গলবার রাতে অনেক কষ্ট করে রাঙামাটি এসে পৌঁছান। বুধবার সকালে পাওয়া যায় স্ত্রী ও দুই মেয়ে জুঁই চাকমা (১২) ও ঝুনঝুনি চাকমার (৬) লাশ। দেখে নির্বাক সুবাস। নিজের ঘর ও স্ত্রী মেয়ে হারিয়ে সুবাস এখন আরেক ভাইয়ের বাড়িতে রয়েছেন। সেখানে তাঁর বৃদ্ধ মা ও বোনেরাও আছেন।
তাঁর বড় বোন মঙ্গলারানী বলেন, ‘৭ জুন সুবাস বাড়ি থেকে কর্মস্থলে গেছেন। ওই দিন রাতে ঝুনঝুনি ফোন করে বাবাকে বলেছে জুতা আনতে। জুতা আনার আর সুযোগটি দিল না আমার ভাইঝিটি।’
রূপালীর পাশের ঘরে থাকতেন তাঁর ছোট বোন সোনালী। সাত বছরের ছেলে অমিয় চাকমাসহ পাহাড়ধসে মারা গেছেন তিনিও। কর্মস্থলে থাকায় বেঁচে যান স্বামী জীবন চাকমা। তাঁদের লাশও গতকাল বুধবার সকালে উদ্ধার করা হয়েছে।
ভেদভেদী পোস্ট অফিস কলোনিতে মারা গেছে দুই সহদোর সুমন দত্ত ও রূপণ দত্ত। তাঁদের সঙ্গে মা-বাবাও মাটিচাপা পড়েন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুমনের লাশ মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করে দাহ করা হয়েছে। রূপণের লাশের জন্য ধ্বংসস্তূপে খোঁজাখুঁজি চলছিল বিকেল চারটা পর্যন্ত। রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন মা বুলু দত্ত কেবল দুই ছেলেকে খুঁজছিলেন।
একই হাসপাতালে চিকিৎসাধীন জিহাদ (১১) কার কাছে আশ্রয় খুঁজবে আর! তার বাবা জিয়াউর রহমান ও মা সবুরা খাতুন যে এখন না-ফেরার দেশে। ভেদভেদীর পশ্চিম মুসিলমপাড়ায় ছিল জিহাদদের ঘর। মা-বাবাকে মৃত অবস্থায় উদ্ধার করে দাফন করা হয়েছে। আহত জিহাদ এখনো জানে না তাদের নিয়তি।