তাঁদের স্বপ্ন দেখার আর কেউ রইল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবী ছেলে অনুপম ভট্টাচার্যের অকাল মৃত্যুর শোকে কলেজে যাওয়া ছেড়ে দিয়েছিলেন চট্টগ্রামের ফটিকছড়ি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক অরূপ ভট্টাচার্য। বুকে পাথর বেঁধে তাকিয়ে ছিলেন মেডিকেলছাত্রী মেয়ে পাপিয়া ভট্টাচার্যের ভবিষ্যতের দিকে। তাঁর সেই স্বপ্নও ভেঙে গুঁড়িয়ে গেছে।ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী পাপিয়া ভট্টাচার্যের লাশ গতকাল শুক্রবার চট্টগ্রামের বাসায় পৌঁছার পর হূদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। বাবা অরূপ ভট্টাচার্য লাশ জড়িয়ে ধরে ভেঙে পড়েন বুকফাটা কান্নায়। মা চন্দনা ভট্টাচার্য বিলাপ করতে করতে বারবার অজ্ঞান হয়ে পড়ছিলেন।গতকাল ভোরে হাটহাজারীর দক্ষিণপাড়া গ্রামের বাড়িতে পাপিয়ার লাশ পৌঁছায়। সকালে সেখানে গিয়ে দেখা যায়, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের ভিড়। সবারই এক কথা, এমন মেধাবী একটি মেয়ের এমন মৃত্যু তাঁরা কল্পনা করেননি। শোকার্ত মা-বাবা কারও সঙ্গে কথা বলার অবস্থায় ছিলেন না। বেলা দুইটার দিকে পাপিয়ার শেষকৃত্যানুষ্ঠান শেষ হয়।পাপিয়ার বড় ভাই অনুপম বুয়েট থেকে পাস করে উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে ২০১০ সালের শেষের দিকে এক দুর্ঘটনায় মারা যান তিনি। পাপিয়ার ফুপাতো ভাই রাজীব চৌধুরী প্রথম আলোকে বলেন, ছেলেকে নিয়ে তাঁদের শোক যাতে মেয়েকে স্পর্শ না করে, সে জন্য পাপিয়ার মা-বাবা ঢাকায় থাকতেন না। অথচ সেই শোকেই তাঁর মৃত্যু হলো।শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কিশোর শীল বলেন, ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক কে এম শহীদুল ইসলামের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী পাপিয়ার ঝুলন্ত লাশ গত বৃহস্পতিবার দুপুরে হলের কক্ষ থেকে উদ্ধার করা হয়। পুলিশ, পরিবার ও কলেজ কর্তৃপক্ষ বলেছেন, ভাই অনুপমের মৃত্যুশোক সহ্য করতে না পেরে পাপিয়া আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে পাপিয়ার লেখা চিরকুটকে এর প্রমাণ হিসেবেই দেখছেন তাঁরা। এতে পাপিয়া লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।...আমি আর সহ্য করতে পারছি না।’