তাঁদের স্মৃতি থাকছে পুলিশের মাঝেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান পুলিশের সদস্য বিনয় কুমার ঘোষ। এত দিন নিজের মতো করে তাঁকে স্মরণ করে আসছিলেন স্ত্রী স্বপ্ন ঘোষ। কিন্তু এখন মাগুরা পুলিশ লাইনসে গড়ে তোলা স্মৃতিস্তম্ভে সবাই বিনয় ঘোষকে শ্রদ্ধা জানাবেন। এটা অনেক বড় পাওয়া স্বপ্ন ঘোষের।

‘মৃত্যুর ১১ বছর পর হলেও পুলিশ বিভাগ আমার স্বামীকে স্মরণ করল, এটা ভেবেই ভালো লাগছে। পুলিশের মাঝেই থাকছে আমার স্বামীর স্মৃতি।...আর কিছু চাই না’, বলছিলেন স্বপ্ন ঘোষ। গতকাল বুধবার প্রথমবারের মতো ‘পুলিশ মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে অংশ নিতে মাগুরা পুলিশ লাইনসে এসেছিলেন মাগুরা সদর উপজেলার বেরইল চাঁদপুর গ্রামের এ বাসিন্দা।

মাগুরার পাশাপাশি রাজবাড়ী, মেহেরপুর ও ঝিনাইদহে গতকাল পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে দায়িত্বরত অবস্থায় মারা যাওয়া এসব জেলার পুলিশের সদস্যদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। বিস্তারিত জানিয়েছেন ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা:

সকাল ১০টায় মাগুরা পুলিশ লাইনস চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিনয় ঘোষসহ মাগুরা পুলিশের প্রয়াত পাঁচ সদস্যের পরিবারগুলোকে সংবর্ধনা দেওয়া হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম এসব পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পুলিশের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে নগদ অর্থ সহায়তার পাশাপাশি ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সকালে ঝিনাইদহ পুলিশ লাইনসে অনুষ্ঠিত কর্মসূচির শুরুতে জেলা পুলিশের প্রয়াত সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং) ফারজিনা নাসরিন, ঝিনাইদহ চেম্বারের সভাপতি নাসির উদ্দিন, বাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু।

পরে অনুষ্ঠিত স্মরণসভায় পৌর মেয়র মিন্টু পুলিশের প্রয়াত সদস্যদের প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহারসামগ্রী দেওয়া হয়।

সকাল ১০টায় রাজবাড়ী পুলিশ লাইনসে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা পুলিশ। এ সময় পুলিশের প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার সালমা বেগম। বক্তব্য দেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (অপরাধ) মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম প্রমুখ। বক্তব্যের আগে জেলার প্রয়াত সদস্যের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট, অর্থ ও ফুল তুলে দেওয়া হয়।

সকাল ১০টায় মাগুরা পুলিশ লাইনসে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা পুলিশ সুপার আনিসুর রহমান। এরপর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুবদুল্লাহ আল মাহমুদসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নিহত সদস্যদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।