বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী ৩০ জন সাধারণ কাউন্সিলরের মধ্যে ১২ জন ঠিকাদার, নয়জন ব্যবসায়ী, তিনজন কৃষি ও মৎস্য চাষি, দুজন আইনজীবী, একজন শেয়ার ব্যবসায়ী ও একজন জমি কেনাবেচার সঙ্গে জড়িত। দুজনের পেশা উল্লেখ নেই।
সংরক্ষিত ১০ বিজয়ী নারী কাউন্সিলরের মধ্যে ছয়জন গৃহিণী ও একজন শিক্ষক। দুজনের পেশা উল্লেখ নেই। একজন লিখেছেন অন্যান্য পেশা। নির্বাচন কমিশনে দাখিল করা প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
৪০ জন কাউন্সিলরের মধ্যে ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বিভিন্ন মামলা রয়েছে। হত্যাসহ বিভিন্ন মামলা ছিল আটজনের বিরুদ্ধে। এক কাউন্সিলরকে সাজা দেওয়া হলেও উচ্চ আদালতের আদেশে স্থগিত আছে। এসব কাউন্সিলরের মধ্যে ১৬ জনই বিএনপি-সমর্থিত। চারজন আওয়ামী লীগ ও একজন জাতীয় পার্টি-সমর্থিত।
মামলার ব্যাপারে কথা হয় সুজনের (সুশাসনের জন্য নাগরিক) বরিশাল জেলা সভাপতি আক্কাস হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘বিজয়ী ও বিজিত কাউন্সিলর প্রার্থীদের হলফনামায় মামলার যে বিবরণ দেওয়া আছে, সেগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, এগুলো মোটেই রাজনৈতিক মামলা নয়। এগুলোর মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, নারী নির্যাতন, অস্ত্র চোরাচালান ও জমি দখলের মতো মামলাও রয়েছে। প্রকৃতপক্ষে সন্ত্রাসীরা কায়দা-কানুন করে রাজনৈতিক দলে আশ্রয় নেয় এবং তারপর নির্বাচন করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে।’
মামলা আছে ১২ জনের: বিএনপি-সমর্থিত জয়ী কাউন্সিলরদের মধ্যে ২৪ নম্বর ওয়ার্ডের ফিরোজ আহমেদ খান ও ২৫ নম্বর ওয়ার্ডের মো. জিয়াউদ্দিন সিকদার সম্পর্কে শ্বশুর-জামাই। ফিরোজের বিরুদ্ধে তিনটি মামলার মধ্যে একটি তদন্তাধীন ও দুটি বিচারাধীন। হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা ও নাশকতা সৃষ্টির অভিযোগে জিয়াউদ্দিনের বিরুদ্ধে করা পাঁচটি মামলার মধ্যে চারটি বিচারাধীন ও একটির তদন্ত চলছে। আগে তাঁর বিরুদ্ধে সাতটি মামলা ছিল।
৬ নম্বর ওয়ার্ডের এমডি হাবিবুর রহমানের নামে দুটি মামলার তদন্ত চলছে। বিএনপি-সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর সেলিনা বেগমের বিরুদ্ধে দুটি মামলা আছে। ১ নম্বর ওয়ার্ডে বিজয়ী এবং সদরের সাংসদ মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমানের শ্যালক সৈয়দ সাইদুল হাসানের নামে একটি মামলা বিচারাধীন।
জেলা বিএনপির আহ্বায়ক এবায়েদুল হকের ভাতিজা ও ৫ নম্বর ওয়ার্ডের মাইনুল হক, ৯ নম্বরের হারুন অর রশীদ, ২২ নম্বরের শহীদুল ইসলাম, ২৭ নম্বরের নূরুল ইসলাম ও ৩০ নম্বরের খায়রুল মামুনের নামে একটি করে মামলা রয়েছে। হারুন অর রশীদের বিরুদ্ধে আগে হত্যাচেষ্টা, ছিনতাই, চাঁদাবাজি ও দ্রুত বিচার আইনসহ বিভিন্ন আইনে পাঁচটি মামলা ছিল।
আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ী কাউন্সিলরদের মধ্যে ১১ নম্বরের মো. মজিবর রহমানের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি ও ২৬ নম্বরের বিজয়ী মো. ফরিদ উদ্দিনের নামে একটি মামলা বিচারাধীন। মজিবরের বিরুদ্ধে আগে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা ছিল।
১৬ নম্বর ওয়ার্ডে জয়ী আওয়ামী লীগ-সমর্থিত মোশারফ আলী খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলায় সাজা হলেও উচ্চ আদালতের আদেশে সাজা স্থগিত রাখা হয়েছে।
মামলা ছিল আটজনের: ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বরিশাল শহরে শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের তালিকায় বিএনপির নেতা সৈয়দ আকবর হোসেনের নাম ছিল। তাঁর বিরুদ্ধে মামলা ছিল সাতটি। তত্ত্বাবধায়ক সরকারের আমলের শুরুতেই তিনি এলাকা ছেড়ে যান। আত্মগোপন থেকে কয়েক মাস আগে ফিরে আসেন এবং নির্বাচনে অংশ নিয়ে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।
মামলার ব্যাপারে সৈয়দ আকবর হোসেন প্রথম আলোকে বলেন, ‘তালিকায় নাম থাকলেই কেউ সন্ত্রাসী হয়ে যায় না। আমার নামে মামলা হয়েছে রাজনৈতিক কারণে। সন্ত্রাসী হলে তো এলাকাবাসী আমাকে ভোট দিতেন না।’
১২ নম্বর ওয়ার্ডে বিজয়ী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি কে এম শহীদুল্লাহর নামে আগে বিভিন্ন অপরাধে ছয়টি মামলা ছিল। ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত মীর জাহিদুল কবীরের বিরুদ্ধে আগে চারটি, ২১ নম্বর ওয়ার্ডে আলতাফ মাহমুদের বিরুদ্ধে দুটি ও ৮ নম্বর ওয়ার্ডে সেলিম হাওলাদারের নামে একটি মামলা ছিল।
২ নম্বর ওয়ার্ডে বিজয়ী জাতীয় পার্টি-সমর্থিত মর্তুজা আবেদীনের নামে আগে হত্যা, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে নয়টি মামলা ছিল। ২০ নম্বর ওয়ার্ডে বিজয়ী আওয়ামী লীগ-সমর্থিত জাকির হোসেন ও সংরক্ষিত নারী কাউন্সিলর বিএনপি-সমর্থিত তাসলিমা কালামের বিরুদ্ধে আগে একটি করে মামলা ছিল।