পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের গত বছর তাঁবুতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি সস্তা জনপ্রিয়তা অর্জনের মতো ছিল বলে মন্তব্য করেছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহসহ অন্যরা৷ গতকাল বৃহস্পতিবার পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১২তম সভায় এ মন্তব্য করা হয়৷
মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘হাজার হাজার পরিবার চট্টগ্রামের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ে বাস করছে৷ ওখানে মাত্র ২০১টি পরিবারকে সরিয়ে কী হবে? কয়েকটি পরিবারকে এনে টিভি-পত্রিকায় প্রচার করে সস্তা জনপ্রিয়তার দরকার নেই৷ কার্যকর ব্যবস্থা নিতে হবে৷’
মোহাম্মদ আবদুল্লাহ বলেন, তাদের তাঁবুতে এনে তিন-চার মাস ধরে বিনা পয়সায় খাওয়ানোর সামর্থ্য আমাদের নেই৷ তাই এবার তা হবে না৷ এবার ঝুঁকিপূর্ণদের তালিকা করে অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন স্কুল-কলেজে তাদের সরিয়ে নেওয়া হবে৷ বৃষ্টির সময় কিংবা আগে এটি করা হবে৷
এ জন্য গতকালের সভায় একটি কমিটিও গঠন করা হয়েছে৷ অতিরিক্ত জেলা প্রশাসক ও পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব এস এম আবদুল কাদেরের নেতৃত্বে কমিটির সদস্যসংখ্যা ১৫ জন৷
সভায় জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘তাঁবুতে লোকজন সরিয়ে লাভ হবে না৷ কয়জন লোককে আমরা সরাতে পারব? এভাবে পুনর্বাসন সম্ভব নয়৷ ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সেখান থেকে প্রয়োজনে জোর করে উঠিয়ে দিতে হবে৷’
প্রসঙ্গত, গত বছর বর্ষা মৌসুমে নগরের বিভিন্ন স্থান থেকে ২০১টি পরিবারকে তাঁবু খাটিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছিল৷ তখনকার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান এই উদ্যোগ নিয়েছিলেন৷
সভায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক জাফর আলম বলেন, পাহাড়ের গোড়ায় লোকজন না থাকলে প্রাণহানির ঘটনা ঘটবে না৷ তাদের অন্যত্র সরিয়ে নিয়ে খালি জায়গায় বনায়ন করতে হবে৷ নইলে পুনরায় তারা সেসব বসতিতে ফিরে আসবে৷
২০০৭ সালের জুনে অতিবৃষ্টিতে ভয়াবহ পাহাড়ধসে চট্টগ্রাম মহানগরে ও এর শেপাশের এলাকায় পাহাড় ও ভূমিধসে ১২৭ জনের মৃত্যু হয়৷ এরপর শক্তিশালী এই পাহাড় ব্যবস্থাপনা কমিটি করা হয়েছিল৷